নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিলিগুড়িতে একদিনের কর্মশালা হল। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই কর্মশালা বসে। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার, জেলাশাসক প্রীতি গোয়েল সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
Advertisement
বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি সহনশীলতা এবং সংবেদনশীল করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলা মাধ্যম স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সাহায্য ছাড়াই রাজ্য শিক্ষাদপ্তর পড়ুয়াদের উন্নতিকল্পে একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। কেন্দ্র সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সেই অর্থে সাহায্য না করলেও একাধিক প্রকল্প নিয়ে পড়ুয়াদের বিকাশ করার দিকে মন দিয়েছে শিক্ষাদপ্তর। মন্ত্রী বলেন, মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ শিবিরের বিশেষ ব্যবস্থা করেছে। এদিন সেইরকমই একটি কর্মশালায় শিক্ষক-শিক্ষিকারা যোগ দিয়েছেন।



