Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বালি খাল সংলগ্ন গ্যারাজে  আগুন, পুড়ল বহু ঝুপড়ি

বালি খাল সংলগ্ন গ্যারাজে  আগুন, পুড়ল বহু ঝুপড়ি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার গভীর রাতে বালি খাল বাসস্ট্যান্ডের পাশে একটি গ্যারাজ ও বেশ কয়েকটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের আটটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। সঠিক সময়ে পুলিস চলে আসায় স্ট্যান্ডে থাকা একাধিক বাসে আগুন লেগে যাওয়া এড়ানো গিয়েছে।
Advertisement
বালিঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টারের উল্টোদিকে একটি গ্যারাজ রয়েছে। পাশেই রয়েছে ভাঙাচোরা সামগ্রী ও জঞ্জাল রাখার বেশ কয়েকটি অস্থায়ী ঝুপড়ি। বালি খাল থেকে খিদিরপুর রুটের কয়েকটি মিনিবাস রাতে সেখানেই পরপর দাঁড়িয়ে ছিল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারাজের ভিতর প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় মুহূর্তে পাশের ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় আগুনের শিখা। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দিলে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিসের তৎপরতায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসগুলিকে। আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা আয়ত্তে আনতে দমকলের আটটি ইঞ্জিনকে ঘটনাস্থলে আসতে হয়। প্রাথমিকভাবে দমকল জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘বাস মালিকদের ফোন করে দ্রুত বাসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে বেশ কয়েকটি বাস পুড়ে ছাই হয়ে যেত।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ