সংবাদদাতা, মাথাভাঙা: বালি চুরি রুখতে ধারাবাহিক অভিযান করবে কোচবিহার জেলা পুলিস। শুক্রবার তোর্ষা নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময়ে দুটি গাড়ি আটক করেছে পুলিস। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, একটি গাড়ি মাথাভাঙা এলাকায় ছিল। অপরটি পুণ্ডিবাড়ি এলাকায় ছিল। একইসঙ্গে মাথাভাঙা, মেখলিগঞ্জের একাধিক জায়গা থেকে বালি চুরির খবর মিলেছে। সেই জায়গাগুলোতেও অভিযান চালানো হবে। অক্টোবর মাসে পুলিস জেলায় ১৪টি গাড়ি আটক করেছিল। গ্রেপ্তার করা হয়েছিল ১৫ জনকে। এখন থেকে পুলিস ধারাবাহিক অভিযান চালাবে।



