নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিল বাড়ানোর জন্য অনেক সময় অকারণে চিকিৎসকরা বিভিন্ন ধরণের পরীক্ষা করতে বলেন। এটা ঠিক নয়। বুধবার বর্ধমানে সংস্কৃতি মঞ্চে গ্রামীণ চিকিৎসকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের বড় ভূমিকা থাকে। আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁরা বাড়িতে হাজির হন। প্রাথমিক চিকিৎসা করার পর তাঁরা রোগীদের হাসপাতালে নিয়ে যান। অনেক সময় দেখা যায় নামী কোনও হাসপাতালে চিকিৎসা করতে গেলে চিকিৎসকরা বিভিন্ন ধরণের পরীক্ষা করে আনতে বলেন। তারপর তাঁরা চিকিৎসা শুরু করেন। কিন্তু গ্রামীণ চিকিৎসকরা অকারণে পরীক্ষা করান না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং চেয়ারম্যান পরেশ সরকারও গ্রামীণ চিকিৎসকদের প্রশংসা করেছেন।



