Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা আবাস যোজনায় বাদ পড়াদের বিষয়টি ফের সমীক্ষা করে দেখা হবে

বাংলা আবাস যোজনায় বাদ পড়াদের বিষয়টি ফের সমীক্ষা করে দেখা হবে
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাংলা আবাস যোজনা প্রকল্পে নদীয়া জেলায় সমীক্ষার কাজে গতি আনতে চলেছে জেলা প্রশাসন। তার জন্য সমীক্ষক দলের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পাকা বাড়ি থাকার কারণে যে সমস্ত আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাঁদের বিষয়টি পুনর্যাচাই করা হবে বলে জানা গিয়েছে। ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেই যাচাইয়ের কাজ করবেন। শুধু তাই নয়, চূড়ান্ত তালিকায় যাতে অযোগ্য কোনও ব্যক্তির নাম ঢুকে না যায়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নভেম্বর মাসে প্রাথমিক তালিকা তৈরি হওয়ার পর গ্রামের সাধারণ মানুষও যাচাইয়ের এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। রাজ্য সরকারের লক্ষ্য, যোগ্য উপভোক্তাদেরই মাথার উপর পাকা ছাদ করে দেওয়া। তাই তালিকায় যাতে কোনও বেনোজল ঢুকে না যায়, তা নানাভাবে সুনিশ্চিত করতে চাইছে প্রশাসন। ইতিমধ্যেই নদীয়া জেলায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি বাড়ির সমীক্ষার কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমীক্ষার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা।
Advertisement
নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক অনুপকুমার দত্ত বলেন, ‘সমীক্ষার কাজ শেষের পথে। সমীক্ষার কাজে গতি আনার জন্য প্রতিনিধি দলের সংখ্যাও বাড়ানো হয়েছে। যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। তবে যাঁদের পাকা বাড়ি আছে বলে সমীক্ষায় জানা গিয়েছে, তাঁদের বিষয়টি ফের সুপার চেকিং করা হবে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো, পুজোর ছুটি মিটতেই বাংলা জুড়ে আবাস যোজনা সমীক্ষার কাজ শুরু হয়। কিন্তু প্রথমদিকে অ্যাপের সমস্যা এবং নিম্নচাপের কারণে সমীক্ষার কাজ গতি হারায়। নদীয়া জেলায় মোট ১ লক্ষ ৮১ হাজার আবেদনকারীর সমীক্ষা শুরু হলে প্রশাসনের আধিকারিকরা দেখতে পাচ্ছেন, দীর্ঘ অপেক্ষার পর অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন। পাশাপাশি নবান্নের বেঁধে দেওয়া মানদণ্ডের কারণে তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা বহু আবেদনকারীর। প্রশাসনের অনুমান নদীয়া জেলাতেই, ১৫ থেকে ২০ শতাংশ আবেদনকারীর নাম  বাদ পড়তে পারে। 
তবে বাড়ি দেওয়ার ক্ষেত্রে যোগ্য উপভোক্তা সুনিশ্চিত করতে একাধিক ধাপে যাচাই করা হচ্ছে। শুধুমাত্র প্রশাসনের আধিকারিকরাই বাড়ি গিয়ে সমীক্ষা করে চূড়ান্ত তালিকা তৈরি করবেন, এমনটা নয়। প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা টাঙানো হবে, ব্লক অফিস মহকুমা অফিস ও জেলাশাসকের অফিসে। ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই তালিকা টাঙানো থাকবে। সেই তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম থাকলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন। সেইমতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিক ফের সেই ব্যক্তির বাড়িতে যাচাই করবেন। 
উল্লেখ্য, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলায় ৫৮৮টি দল নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে কাজে গতি আনতে সেই সংখ্যা বাড়িয়ে ৭০১টি করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ