নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: এক অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনে শামিল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। অচলাবস্থা কাটানোর দাবিতে এবার পাল্টা বিক্ষোভে নামল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিক্ষোভে বসেন রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অন্য আধিকারিকরা। এই প্রথম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রসঙ্গে সরব হল আধিকারিকদের এই সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য্য বলেন, অশিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে প্রায় দু’মাস বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ বন্ধ রয়েছে। অশিক্ষক কর্মচারীদের লাগাতার অসহযোগিতার ফলে আধিকারিকরাও কাজ করতে পারছেন না। বাধ্য হয়ে আধিকারিকরা অবস্থানে বসেন। এদিকে আধিকারিকদের এই পদক্ষেপে ক্ষুব্ধ অশিক্ষক কর্মীরা। শিক্ষাবন্ধু সমিতির বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস বলেন, অফিসার্স অ্যাসোসিয়েশন যে অভিযোগ নিয়ে বিক্ষোভে নেমেছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উপাচার্য বাড়ি থেকে বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। তিনি একেক সময় বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। রাজনৈতিক অভিসন্ধি নিয়ে চলছেন তিনি। এমন অবস্থায় আধিকারিকদের একাংশের এই আন্দোলনকে আমরা ভালোভাবে নিচ্ছি না।



