Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সায় কাল শুরু ডুকপা উৎসব

বক্সায় কাল শুরু ডুকপা উৎসব
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বক্সা পাহাড়ে আগামী কাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের ডুকপা উৎসব। ভুটানের মানুষ ডুকপা নামে পরিচিত। দেশভাগের পর থেকেই ভুটানের অনেক নাগরিক আলিপুরদুয়ার জেলার বক্সা সহ বিস্তীর্ণ এলাকায় বসবাস করছেন। তাঁদের নিয়েই এই ডুকপা উৎসব এবারই প্রথম হচ্ছে। উদ্দেশ্য, দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে ভুটানের সংস্কৃতিকে মেলে ধরা। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অব ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন, ভুটানে পর্যটকদের উপর ওখানকার সরকার মাথাপিছু দিনে বারোশো টাকা করে কর চাপিয়েছে। এর ফলে অনেকের পক্ষেই ভুটান যাওয়া সম্ভব হচ্ছে না। সেই সব পর্যটকদের কাছে ভুটানের সংস্কৃতিকে  মেলে ধরার জন্যই তিনদিনের এই ডুকপা উৎসবের আয়োজন করা হয়েছে। 
Advertisement
উৎসব কমিটির তরফে ওশান লেপচা বলেন, এই উৎসবে আমাদের  ডুকপাদের প্রচলিত খাবার ও সাংস্কৃতিক চর্চার নানা সরঞ্জাম প্রদর্শিত হবে।  তিরন্দাজি সহ আমাদের প্রচলিত অনেক খেলার আয়োজন করা হয়েছে এই উৎসবে। শিশুদের ফ্যাশন শো-ও রয়েছে। সব মিলিয়ে দেশ-বিদেশের পর্যটকরা এই উৎসবে এসে ডুকপা তথা ভুটানের সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন।
সম্পর্কিত সংবাদ