Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্রেশ্বর সতীপীঠে মুখ্যমন্ত্রীর নামে সঙ্কল্প করে পুজো কেষ্টর

বক্রেশ্বর সতীপীঠে মুখ্যমন্ত্রীর নামে সঙ্কল্প করে পুজো কেষ্টর
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের মেয়ে সুকন্যা মণ্ডল ও নিজের নামে সঙ্কল্প করে বক্রেশ্বর সতীপীঠে পুজো দিলেন। তাঁর সঙ্গে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও ছিলেন। তিনিও মন্দিরে পুজো দেন। শুক্রবার বিকেল তিনটে নাগাদ অনুব্রত, বিকাশ সহ অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা বক্রেশ্বর মন্দিরে যান। দীর্ঘদিন পর বক্রেশ্বরে পুজো দিয়ে খুব ভালো লাগলো বলেই প্রতিক্রিয়া অনুব্রতর। এদিন অনুব্রত ও বিকাশ বক্রেশ্বরে ঢুকতেই এলাকার মানুষ ও স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে স্বাগত জানান। তারপর তাঁরা প্রথমে বক্রেশ্বর সতীপীঠের শিবের মন্দিরে পুজো দেন। সেখান থেকে বেড়িয়ে তাঁরা সতীপীঠের দুর্গা মন্দিরেও পুজো দেন। দীর্ঘদিন পর নিজেদের এলাকায় অনুব্রত মণ্ডলকে দেখতে প্রচুর মানুষ মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন। জানা গিয়েছে, পুজো দেওয়ার পর তিনি বেশকিছুক্ষণ মন্দিরের সেবায়েতদের সঙ্গে কথাও বলেন। তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন। তিনি দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলে সেসব কাজ করিয়ে দেবেন বলেও তাঁদের আশ্বাস দেন।
Advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে প্রায় দু’বছর পর তিহার জেল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফেরেন। এরপর তিনি একে একে জেলার বিভিন্ন সতীপীঠে পুজো দেন ও মাজারে চাদর চড়ান। কিছুদিন আগেই তিনি লাভপুরের কঙ্কালীতলা মন্দিরে পুজো দেন। 
পাথরচাপুরি মাজারে চাদরও চড়ান। এরপর এদিন বক্রেশ্বরে আসেন। এদিনও তিনি নিজের মেয়ে ও নিজের নামে সঙ্কল্প করে পুজো দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন।
মন্দির থেকে বেড়িয়ে অনুব্রত বলেন, অনেকদিন পরে বক্রেশ্বরে এসে খুব ভালো লাগছে। আজ প্রথমে মহাদেবের মন্দিরে, তারপর দুর্গা মন্দিরে পুজো দিয়েছি। মন্দিরের পণ্ডিতদের সঙ্গে কথা বললাম। ওনারা বেশকিছু কাজের জন্য দাবি জানিয়েছেন। আমি দিদিকে জানিয়ে সেসব কাজ করে দেওয়ার ব্যবস্থা করব। বক্রেশ্বরে কলকাতার মানুষ আসবেন। এটি খুবই ভালো জায়গা।
সম্পর্কিত সংবাদ