Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্রেশ্বর সতীপীঠে হনুমানের হামলায় আতঙ্ক, জখম বহু

বক্রেশ্বর সতীপীঠে হনুমানের হামলায় আতঙ্ক, জখম বহু
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের বক্রেশ্বর সতীপীঠে হনুমানের আক্রমণে বহু মানুষ জখম হয়েছে। প্রায় ১০-১২দিন ধরে এই এলাকায় একটি হনুমান মানুষের উপর হামলা চালাচ্ছে। বনদপ্তর চেষ্টা করলেও হনুমানটিকে আটক করতে পারছে না। শীতের মরশুমে বহু পুণ্যার্থী বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে স্নান করতে ও পীঠস্থানে পুজো দিতে আসছেন। সেই পুণ্যার্থীরাও হনুমানের আতঙ্কে রয়েছেন। বক্রেশ্বর পীঠস্থান ও সংলগ্ন গ্রামে প্রায় ১০-১৫টি হনুমানকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার মধ্যে একটি হনুমান কিছুদিন ধরে মানুষকে আঁচড়ে দিচ্ছে। এলাকার বহু মানুষ হনুমানের আক্রমণে জখম হয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। স্থানীয় বাসিন্দা খোকন চৌধুরি, আরতি বাগদি, গৌতম বাগদি হনুমানের হামলায় জখম হয়েছেন। এমনকী, অলিভা চৌধুরি নামে এক শিশুকেও হনুমানটি আক্রমণ করেছে। আরও বহু মানুষকে আক্রমণ করে হনুমানটি জখম করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায় প্রতিটি হনুমান একইরকম দেখতে। ফলে বোঝা যাচ্ছে না, কোন হনুমানটি বারবার মানুষকে আক্রমণ করছে। তাই হনুমান দেখলেই এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন। এলাকার মানুষ ইতিমধ্যে বনদপ্তরের কাছে বিষয়টি জানিয়েছেন। বনকর্মীরা হনুমানটিকে ধরার জন্য ফাঁদ পেতেছেন। কিন্তু কোনওভাবেই সেটিকে ধরা যাচ্ছে না।
Advertisement
বক্রেশ্বর মন্দিরের সেবাইত মনোরঞ্জন আচার্য বলেন, এখানে অনেকগুলি হনুমান রয়েছে। সবক’টাই প্রায় একইরকম দেখতে। কোন হনুমান বারবার মানুষের উপর চড়াও হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। হনুমানটি ধরতে বনদপ্তরের আরও ভালো লোক আনা দরকার। এসময় মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় হচ্ছে। হনুমান বাইরের কোনও পর্যটকের উপর চড়াও হলে আরও বিপদ হবে। সেজন্য তাড়াতাড়ি হনুমানটি ধরা দরকার। এবিষয়ে ডিএফও রাহুল কুমার বলেন, একটি টিম গঠন করে ওখানে পাঠানো হয়েছে। হনুমানটিকে ধরার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ