সংবাদদাতা, চাঁচল: রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিলেও ঠিকাদাররা এখনও টাকা পাননি। ফলে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সেই বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার মালদহের চাঁচল-২ বিডিওর দপ্তরে স্মারকলিপি দেন ঠিকাদারেরা। তারা জানিয়েছেন, ব্লকের শতাধিক ঠিকাদার রয়েছেন। এনআরইজিএস প্রকল্পে নিয়ম মেনে কাজ করেও কেউ টাকা পাননি। কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে। চাঁচল ২ ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্য নবকুমার দাস বলেন, নিয়ম মেনেই আমরা প্রকল্পের কাজগুলি করেছি। অনিয়ম হলে তদন্ত করুক। দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে আমাদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। প্রাপ্য না মিললে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামা হবে। চাঁচল-২ এর বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, ঠিকাদারদের দাবিপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠানো হয়েছে।



