নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে আনা হয়েছে পূর্ণ বয়স্ক একটি ভাল্লুক। বাঁকুড়া থেকে ওই পুরুষ ভাল্লুকটিকে উদ্ধার করেছে বনদপ্তর। ভাল্লুকটিকে পার্কের কোয়ারেন্টাইনে ২১ দিন রাখা হবে।
Advertisement
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, বাঁকুড়ায় উদ্ধার হওয়া পুরুষ ভাল্লুকটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে রবিবার রাতে নিয়ে আসা হয়েছে। নিয়ম অনুযায়ী চিড়িয়াখানায় নতুন অতিথিদের ২১ দিন কোয়ারেন্টাইন করা হয়। তারপরে তাকে এনক্লোজারে রাখা হয়। ভাল্লুকের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করে দেখার পরেই চিড়িয়াখানায় থাকা ভাল্লুকের এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে। চিড়িয়াখানায় আগে থেকেই একটি স্ত্রী ভাল্লুক রয়েছে। বীরবাহা বলেন, বসন্ত উৎসবের সময়ে ঝাড়গ্রাম বহু পর্যটক আসেন। ভাল্লুক দেখতে জুলজিক্যাল পার্কেও পর্যটকের ভিড় হবে বলে আশা করছি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়া বন বিভাগের অন্তর্গত সারেঙ্গা রেঞ্জের দুবরাজপুর এলাকায় বিহার রাজ্যের এক যুবক ২৫ বছরের এই পুরুষ ভাল্লুকটিকে খেলা দেখানোর জন্য নিয়ে এসেছিল। খবর পেয়ে সারেঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। বনদপ্তর ভাল্লুকটিকে উদ্ধার করে ও বিহারের ওই যুবককে আটক করে। রবিবার খাতড়া আদালতে পেশ করা হলে বিচারক যুবকের ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। ভাল্লুকটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রবিবার রাত্রে ভাল্লুকটি জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আনা হয়। জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের তরফে ভাল্লুকটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিশেষ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও উমর ইমাম বলেন, ভাল্লুকটি সুস্থ আছে। এখানে একটি স্ত্রী ভাল্লুক রয়েছে। চিড়িয়াখানায় একুশদিন কোয়ারেন্টাইনে রাখার পর স্ত্রী ভাল্লুকের সঙ্গে একই এনক্লোজারে রাখা হবে। - নিজস্ব চিত্র



