নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শহরের বাড়ি বাড়ি পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের জন্য প্রচার শুরু করল বাঁকুড়া পুরসভা। শনিবার থেকে টোটোর পিছনে সচেতনতামূলক ফ্লেক্স লাগিয়ে প্রচার শুরু হয়। এদিন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে ওই ধরনের ২৪টি টোটো যাত্রা শুরু করে। সেখানে বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলোকা সেনমজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, শহরে মূলত দু’ধরনের বর্জ্য ব্যবস্থাপন আমাদের করতে হয়। জৈব ও অজৈব বর্জ্য মিশে গেলে তা পৃথকীকরণে সমস্যা হয়। ফলে বাড়িতেই তা পৃথক করে রাখার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছিলাম। শহরের ১৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি সবুজ ও নীল রঙের বালতি দেওয়া হয়েছিল। কিন্তু শহরবাসী বাড়ির বর্জ্য মিশিয়ে একত্রিত করেই এখনও রাখছেন। ওয়ার্ডে ওয়ার্ডে তা পুরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়িতে তোলার সময় বিষয়টি কর্মীরা লক্ষ্য করছেন। সেই বিষয়টি নিয়ে আমরা হ্যান্ড মাইকে ওয়ার্ডগুলিতে প্রচার করছি।



