নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রোটা ভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে না বাঁকুড়ায়। শিশুদের গুরুত্বপূর্ণ এই টিকা অমিল হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়ছেন মায়েরা। প্রতিদিন নবজাতকদের নিয়ে জেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে মায়েরা টিকার জন্য যাচ্ছেন। দিনভর হাপিত্যেশ করে অনেকে বসেও থাকছেন। কিন্তু, টিকা পাচ্ছেন না। জেলায় টিকা না থাকার বিষয়টি খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানতেন না। বিভিন্ন ব্লক থেকে টিকা না পাওয়ার বিষয়টি নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করছিলেন। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিকরা জেলাস্তরে জানিয়েছেন বলে দাবি করেন। এদিন যোগাযোগ করা হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন প্রথমে টিকার ঘাটতির বিষয়টি মানতে চাননি। জেলায় রোটা ভাইরাসের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুত আছে বলেও তিনি দাবি করেন। যদিও বেশ কিছুক্ষণ পর তিনি ফের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ফোন করে টিকার ঘাটতির কথা মেনে নিয়ে বলেন, স্বাস্থ্যভবনে আমাদের গাড়ি টিকা আনতে গিয়েছিল। কিছু ডোজ পাওয়া গিয়েছে। তা ব্লকে ব্লকে পাঠিয়ে দেওয়া হবে। বাকি টিকা এলে সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। বাঁকুড়া শহর সহ কিছু জায়গায় বুধবার রোটা ভাইরাসের টিকাকরণ হয়েছে।
Advertisement
শিশুদের নিয়ে শালতোড়া ব্লকের গোগরা স্বাস্থ্যকেন্দ্রে টিকার জন্য গিয়েছিলেন শ্যামলী দাস, কল্পনা মণ্ডল। তাঁরা বলেন, গত কয়েকদিন ধরেই রোটা ভাইরাসের টিকা পাওয়া যাচ্ছে না। বর্তমানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এইসময় প্রতিষেধকের অভাবে শিশুদের শারীরিক সমস্যা হলে আমাদের ভোগান্তি বাড়বে। জেলা স্বাস্থ্যদপ্তরের উদাসীনতা মেনে নেওয়া যায় না।



