Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া প্রদানের দাবিতে বিডিওর দ্বারস্থ

বকেয়া প্রদানের দাবিতে বিডিওর দ্বারস্থ
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: বকেয়া প্রদানের দাবিতে মঙ্গলবার ময়নাগুড়ি বিডিও অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেন ময়নাগুড়ি ব্লক এমজিএনআরইজিএ  ভেন্ডর্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ  চলে। পরবর্তীতে তারা বিডিওকে স্মারকলিপি দেয়।  
Advertisement
তাদের অভিযোগ, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২০২৩ অর্থবর্ষে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নির্মাণ প্রকল্পে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন কাজ করেছেন। কিন্তু বিল দিলেও বকেয়া পাননি। কিছু ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার অর্ডার করা হয়নি। ২০২৪ সালেও এই সংগঠনের পক্ষ থেকে বিডিওকে দাবিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু, সেই সবের কোনও সুরাহা হয়নি। সংগঠনের সদস্যরা বলেন, প্রকল্পের সমস্ত বকেয়া বিল দ্রুত মিটিয়ে দিতে  হবে। নির্মাণ প্রকল্পের বকেয়া ফান্ড ট্রান্সফার অর্ডার অবিলম্বে করতে হবে। বন্ধ হয়ে যাওয়া নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে হবে। টেন্ডার প্রক্রিয়াকরণে প্রসেসিং ফি সহজ সরল মূল্যে ধার্য্য করতে হবে। সংগঠনের পক্ষে অভিজিৎ বিশ্বাস বলেন, আমি ৪০ লক্ষ টাকা পাব। ব্লকের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কাজ করেছি। আর্থিক সঙ্কটে ডাক্তারও দেখাতে পারছি না। যাদের কাছ থেকে সামগ্রী কিনে কাজ করেছি, তারা আমাদের ধরছে। ঋণে জর্জরিত হয়ে রয়েছি। তাপস ঘোষ নামে এক ঠিকাদার বলেন, পরিস্থিতি এমন হয়েছে, ঋণ মেটাতে হয়তো বাড়িই বিক্রি করে দিতে হবে।  বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাব।
সম্পর্কিত সংবাদ