Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া মজুরির দাবি, কালচিনি চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ শ্রমিকদের

বকেয়া মজুরির দাবি, কালচিনি চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ শ্রমিকদের
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বকেয়া মজুরির দাবিতে শনিবার কালচিনি চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। বাগানে এক সময় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হলে পুলিস হস্তক্ষেপ করে। পরে শ্রমিকরা কালচিনি থানার সামনেও জমায়েত হয়ে একই দাবিতে বিক্ষোভ দেখান। পরে কালচিনি থানার ওসি মালিকপক্ষের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাজে ফিরে যান শ্রমিকরা। অন্যদিকে, ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ বকেয়া মজুরি দেওয়ার আশ্বাস দিলে কালচিনির মধু চা বাগানের শ্রমিকরা তাঁদের এক সপ্তাহের কর্মবিরতি তুলে নিয়ে শনিবার কাজে যোগ দিয়েছেন।
Advertisement
কালচিনি চা বাগানে ২০০৩ জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, তাঁদের একটি মজুরি বকেয়া। গত সোমবার মালিকপক্ষ বকেয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি মতো শ্রমিকদের সেই বকেয়া আজও মেলেনি। তারপরেই শ্রমিকরা এদিন সকাল সাতটা থেকে বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শ্রমিকদের বিক্ষোভের জেরে এক সময় বাগানে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হয়। পরিস্থিতি বেগতিক বুঝে দেড় ঘণ্টা বিক্ষোভের পর কালচিনি থানার পুলিস শ্রমিকদের থানায় ডেকে আনে। শ্রমিকরা থানার সামনেও জমায়েত হয়ে একই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বাগানের মালিকপক্ষের সঙ্গে বকেয়া মজুরি নিয়ে কথা বলেন। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা কাজে ফিরে যান। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিনই মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া দেওয়ার আশ্বাস দিয়েছে। যদিও এবিষয়ে জানতে বাগানের ম্যানেজার অনুপ প্রতাপ সিংকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ফোন তোলেননি। মেসেজেরও জবাব দেননি।
অন্যদিকে, বকেয়া মজুরির দাবিতে গত এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছিলেন কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা। শুক্রবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের পর মালিকপক্ষ বকেয়া মজুরি দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তাঁদের কর্মবরতি তুলে নেন। এদিন থেকে শ্রমিকরা ফের কাজে যোগ দিয়েছেন। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, মধু বাগানের শ্রমিকরা কর্মবিরতি তুলে নিয়েছেন। এদিন কাজে যোগ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ