নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবন পরিদর্শনের জন্য শুক্রবার রাজ্যের প্রতিনিধি দল আসে। এদিন ওই প্রতিনিধিদল হাসপাতাল চত্বর ঘুরে দেখে। বাঁকুড়া মেডিক্যালের এমএসভিপি অর্পণকুমার গোস্বামী বলেন, স্বাস্থ্যদপ্তরের আধিকারিক সৈকত দত্তের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদল এদিন হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতালের ওল্ড বিল্ডিং ৭৫ বছরের পুরনো। পূর্তদপ্তর ওই ভবনকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করেছে। তারপর ওই ভবন থেকে মেডিসিন বিভাগ স্থানান্তরিত করা হয়। সেটিকে সংস্কার করা যাবে নাকি পুরোপুরি ভেঙে ফেলতে হবে, সেব্যাপারে রাজ্যস্তরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিধিদল ফিরে গিয়ে স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবে। আমরা ১০তলা ভবন নির্মাণের প্রস্তাব রাজ্যকে দিয়েছি। এদিন প্রতিনিধি দলকে সম্ভাব্য তিনটি জায়গা দেখানো হয়েছে। ওই নতুন ভবন নির্মাণ হলে হাসপাতালের ইন্ডোরের সিংহভাগ ওয়ার্ড সেখানে চালু করা যাবে।



