Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় ধান কেনায় অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যের দল

বাঁকুড়ায় ধান কেনায় অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যের দল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সরকারি সহায়ক মূল্যে ধান কেনার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যের প্রতিনিধিরা বাঁকুড়ায় পরিদর্শনে আসেন। তাঁরা বাঁকুড়া কৃষক বাজার সহ জেলার অন্যান্য জায়গায় যান। সরাসরি চাষিদের কাছ থেকে কোনওরকম অসুবিধা হচ্ছে কি না জানতে চান। 
Advertisement
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধান কেনার সময় চাষিদের অযথা হয়রানি করা যাবে না বলে রাজ্যের প্রতিনিধিরা জানিয়েছেন। এব্যাপারে তাঁরা জেলাস্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনের সময় কর্মীদের সঙ্গেও আধিকারিকরা কথা বলেন। কীভাবে ধান কেনা হচ্ছে, তা তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন। জেলার ধান সংগ্রহের কাজে রাজ্যের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জেলা খাদ্যদপ্তরের আধিকারিকরা দাবি করেছেন। রাজ্যের আধিকারিকরা অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। 
বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, এদিন রাজ্য খাদ্যদপ্তরের যুগ্ম অধিকর্তা শুভাশিস পালিত ও সহ অধিকর্তা সুজিত হালদার জেলায় এসেছিলেন। তাঁরা স্থায়ী সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। আমরা এখনও পর্যন্ত ৬৬ হাজার ৫৭০ মেট্রিক টন ধান কিনেছি। রাজ্যের আধিকারিকরা জেলায় ধান কেনার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বলে আমাদের জানিয়েছেন। জেলা খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গতবারের তুলনায় এবার বাঁকুড়ায় ৪০হাজার মেট্রিক টন ধান কম কেনা হবে। গতবছর আমনের মরশুমে জেলায় ৩ লক্ষ ৩২ হাজার ৫৯০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবার তা কমিয়ে ২ লক্ষ ৯২ হাজার মেট্রিক টন করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ফলেই জেলা খাদ্যদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ