Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া বেতনের দাবিতে বিষ্ণুপুরের কারখানায় বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিষ্ণুপুরের কারখানায় বিক্ষোভ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বকেয়া বেতনের দাবিতে শনিবার সকালে বিষ্ণুপুরের দ্বারিকায় ২৪বছরের পুরনো সিমেন্ট কারখানার গেটে শ্রমিকরা অবস্থান বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাঁদের চারমাস ধরে বেতন দেয়নি। এমনকী চলতি বছরে বোনাস থেকেও বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, গত ১ ডিসেম্বর থেকে তাঁদের হাজিরাও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। ওই কারখানার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার চন্দন গুইন বলেন, গত এক বছর ধরে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি দাওয়ার ব্যাপারে মালিককে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় প্রায় ৫০জন শ্রমিক কাজ করেন। একবছর আগে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আবার উৎপাদন শুরু হওয়ার আশায় শ্রমিকরা নিয়মিত কারখানায় হাজিরা দেন। কিন্তু চারমাস আগে থেকে বেতন বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারী শ্রমিক বদুরুদ্দিন হাজারি বলেন, ২০০০সালে কারখানা চালুর সময় থেকেই আমি কাজ করছি। সরকার নির্ধারিত বেতন কোনও দিনই দেয়নি। তা সত্ত্বেও বাড়ির কাছে হওয়ায় আমরা এতবছর ধরে কাজ করে আসছি। চলতি বছর পুজোর আগে থেকেই বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, দ্বারিকায় একটি সিমেন্ট কারখানায় বকেয়া না মেটানোয় শ্রমিকদের আন্দোলন করেছেন।  বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ