নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহর এবং সংলগ্ন এলাকায় চলাচলকারী ইঞ্জিন ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করল সদর থানা। সোমবার সদর থানার পুলিস শহর থেকে একটি ইঞ্জিন ভ্যান আটক করে। সেটি নির্মাণ সামগ্রী বহন করছিল বলে পুলিস জানিয়েছে। সম্প্রতি বাঁকুড়ায় বেআইনি ইঞ্জিন ভ্যানের দৌরাত্ম্য নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। তারপর পুলিস কর্তারা নড়েচড়ে বসেন। জেলা পুলিসের কর্তারা এব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ায় পুলিস অভিযানে নামে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, নিয়ম বহির্ভূতভাবে কোনও যানবাহন আমরা চলাচল করতে দেব না। ইঞ্জিন ভ্যান চলাচলের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে।
Advertisement
উল্লেখ্য, সম্পূর্ণ বেআইনিভাবে বাইক বা অন্যান্য যানবাহনের ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ জুড়ে, তাতে কাঠের পাটাতনের লাগিয়ে তিন চাকার ওই ভ্যান তৈরি করা হয়। সাবেক ভ্যান রিকশকে নকল করে তৈরি ওই বাহন ইঞ্জিন ভ্যান নামেই পরিচিত। কম খরচে বেশি মালপত্র ওই ভ্যানে বহন করা যায়। ফলে ব্যবসায়ীরা সেগুলি ভাড়া করেন। গুদাম বা পাইকারী বাজার থেকে পণ্য দোকানে পৌঁছতে ওই ভ্যানের জুড়ি মেলা ভার। সেই কারণে বেআইনি জেনেও অনেকে ভ্যানে সামগ্রী বহন করে। কমজোরি ‘ব্রেক’ যুক্ত ওই ভ্যান মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে অন্যান্য গাড়ি ও পথচারীকে ধাক্কা মারে। কখনও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। জ্বালানি হিসাবে কেরোসিন ব্যবহার করার ফলে ইঞ্জিন ভ্যান থেকে ব্যাপক দূষণ ছড়ায়। অবশেষে পুলিস অভিযান শুরু করল।



