Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজেটে চা শিল্প নিয়ে কিছুই না থাকায় হতাশ উত্তরের চা শিল্প মহল

দেশের অন্যতম বৃহত্তম শিল্প চা। এই শিল্পের সঙ্গে সরাসরি দেড় কোটি মানুষ যুক্ত। শনিবার কেন্দ্রীয় বাজেটে সেই চা শিল্প নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি শব্দও খরচ না করায় হতাশ ও ব্যাপক ক্ষুব্ধ উত্তরের চা শিল্প মহল।

বাজেটে চা শিল্প নিয়ে কিছুই না থাকায় হতাশ উত্তরের চা শিল্প মহল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: দেশের অন্যতম বৃহত্তম শিল্প চা। এই শিল্পের সঙ্গে সরাসরি দেড় কোটি মানুষ যুক্ত। শনিবার কেন্দ্রীয় বাজেটে সেই চা শিল্প নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি শব্দও খরচ না করায় হতাশ ও ব্যাপক ক্ষুব্ধ উত্তরের চা শিল্প মহল। বাজেটে চা নিয়ে একটি শব্দ না থাকায় আগামী দিনে চা শিল্পের আরও চরম দূরবস্থা নিয়ে আগাম আতঙ্কিত চা মালিকরা। বিরোধীরাও  সমালোচনায় সরব হয়েছে। 
Advertisement
এমনিতেই গত বছর আবহাওয়ার খামখেয়ালিপনা ও পোকামাকড়ের কারণে চায়ের উৎপাদন মার খেয়েছে। চা শিল্প মহলের মতে, ২০২৪ সালে এই কারণে নিলামে ৫০ মিলিয়ন কেজি চা কম হয়েছে। তাতে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে চা শিল্প। 
চা বাগান মালিকদের অভিযোগ, তার উপর দেশীয় চা শিল্পের উন্নয়নে কেন্দ্রের স্পেশাল পারপার্স টি ফান্ডও (এসপিটিএফ) ১০ বছর ধরে বন্ধ। কি এই এসপিটিএফ? জানা গিয়েছে, দেশীয় চা শিল্পের উন্নয়নে চা গাছের নতুন চারা লাগাতে ও পুরনো গাছ তুলে ফেলতে ইন্ডিয়ান টি বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার হেক্টর প্রতি ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেয়। 
চা মালিক সংগঠন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, বাজেটে চা নিয়ে একটি শব্দও খরচ না হওয়ায় আমরা চরম হতাশ। আমাদের আশা ছিল অন্তত এসপিটিএফ চালু হবে। কিন্ত সেটা তো দূরের কথা বাজেটে চা নিয়েই কোনও কথা নেই। এর ফলে আগামী দিনে চা শিল্পের আরও দূরবস্থা নিয়ে আমরা আগাম আতঙ্কিত হয়ে পড়েছি।
উত্তরের চা গবেষক ইন্ডিয়ান টি প্লান্টেশন অ্যাসোসিয়েশনের ডুয়ার্স ব্রাঞ্চের মুখপাত্র রামঅবতার শর্মা বলেন, চা শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা কোনওভাবেই মানা যায় না। আমরা চরম হতাশ বললেও কম বলা হয়। দেশজ চা শিল্পের উন্নয়নে উদাসীনতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের কেনিয়া থেকে চা আমদানির দরজা খুলে দেওয়ার ঘটনাও মানতে পারছি না।
বাজেটে চা নিয়ে কোন কথা না থাকায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ফের প্রমাণ হল বাংলার চা শিল্প ও শ্রমিকদের নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনও মাথাব্যথা নেই। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা বলেন, বাজেট না দেখে এখনই কোনও মন্তব্য করব না।
Advertisement
সম্পর্কিত সংবাদ