সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর বাজারে আলু ও পেঁয়াজের দাম খতিয়ে দেখলেন প্রশাসনের কর্তারা। শনিবার মহকুমা শাসক প্রিয়া যাদব, পুরসভার এগজিকিউটিভ অফিসার কমলকান্তি তলাপাত্র এবং কৃষিজ বিপণন বিভাগের আধিকারিক সহ এক প্রতিনিধি দল ইসলামপুরে পাইকারি ও খুচরো বাজারে আসেন। তারা গোটা বাজার ঘুরে দেখেন। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। আলু ও পেঁয়াজের দামের খোঁজ খবর নেন। কমলকান্তি তলাপাত্র বলেন, আলু এবং পেঁয়াজের উর্দ্ধমুখী দাম নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। কৃষিজ বিপণন বিভাগের এক আধিকারিক বিশ্বনাথ সিংহ বলেন, কোয়ালিটি অনুসারে বিভিন্ন আলু, পেঁয়াজের দাম কম বেশি আছে। এদিন পাইকারি ও খুচরো বাজারের আলু ও পেঁয়াজ কত দামে বিক্রি করা হচ্ছে সেই তালিকা তৈরি হয়েছে। ওই তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। পরবর্তী নির্দেশ অনুসারে পদক্ষেপ করা হবে।



