সংবাদদাতা, হলদিবাড়ি: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি আজও দেহে বয়ে বেড়াচ্ছেন দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়ার বৃদ্ধা চরণদাসী মণ্ডল। প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস এলে বাংলাদেশের স্বাধীনতার আনন্দে সেদিনের সেই জখমের যন্ত্রণা ভোলেন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্থানে খান সেনাদের গুলিতে চরণদাসী জখম হয়েছেন। বাঁচার কোনও কথাই ছিল না। এপারে এসে চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন। তারপর আর অবশ্য সেদেশে ফিরে যাননি। তারপরও নিজেকে মুক্তিযুদ্ধের অংশ মনে করে আজও গর্ব করেন। কিন্তু বর্তমান বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে পরিস্থিতি। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর বেড়েছে অত্যাচার। ভাঙা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনাস্থল।
Advertisement
অশান্ত বাংলাদেশের কথা শুনে তাই আজ ব্যথিত চরণদাসী মণ্ডল। তিনি বলেন, ১৯৭১ সালে ওপার বাংলায় পাকিস্তানি সেনাদের গুলিতে জখম হয়েছিলাম। সেই জখমের চিহ্ন আজও আমার শরীরে রয়েছে। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করে। সেই যুদ্ধের সাক্ষী হয়ে থাকায় ভালো লাগে। কিন্তু বিগত চার মাস ধরে সোনার বাংলার পরিস্থিতি দেখে খুব কষ্ট হচ্ছে। আমি চাই বাংলাদেশে আগের মতো শান্তি ফিরে আসুক।



