সংবাদদাতা, মেখলিগঞ্জ: গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সমীর বর্মন। দলবদলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার তিনি ফের বিজেপিতে ফিরে এলেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূলের মেখলিগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন। একদিন পরে মঙ্গলবার বিজেপি নেতা পবনকুমার ভাদানি সমীরবাবুর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন। সমীরবাবুর দাবি, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। তিনি বিজেপিতেই রয়েছেন।



