দলের শ্রমিক সংগঠন নেই, বিবৃতি বিজেপির
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শ্রমিক সংগঠন নিয়ে লিখিত নির্দেশিকা জারি করে রাজ্য বিজেপির অবস্থান স্পষ্ট করলেন সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। দলীয় নেতাদের পাঠানো সেই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই। বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেল সম মনোভাবাপন্ন শ্রমিক সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এই সেল কোনো ইউনিয়ন খোলার অনুমতি প্রদান করবে না।’

Advertisement

এখানেই থেমে থাকেনি নির্দেশিকা। বলা হয়েছে, ‘কিছু শ্রমিক সংগঠন বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়ন করে, তাদের ব্যানারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতির ছবি ব্যবহার করছে। বিজেপি এই কাজকে সম্পূর্ণ নিয়ম বর্হিভূত ও বেআইনি কাজ বলে মনে করে।’ 
নির্দেশিকায় এও উল্লেখ রয়েছে, ‘এই বেনামী, বেআ‌‌ইনি শ্রমিক সংগঠনগুলির কার্যক্রমে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি সহ সর্বস্তরের নেতাকে উপস্থিত থাকতে নিষেধ করা হচ্ছে।’
রাজ্যে পালাবদলের পর রাজ্য‌ ঩বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার দাবি করেছিলেন, তাঁদের কোনো শ্রমিক সংগঠন নেই। কিন্তু এই প্রথম এত বিস্তারিত ও স্পষ্ট ভাবে নির্দেশিকা জারি করল রাজ্য বিজেপি। 
এই নির্দেশিকা জারি হওয়ার পরই রীতিমতো উচ্ছ্বসিত সংঘের শ্রমিক সংগঠন ‘ভারতীয় মজদুর সংঘ’ (বিএমএস)। ওই সংগঠনের একাধিক নেতা এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভা‌ইরাল করছে। বিএমএসই যে গেরুয়া শিবিরের একমাত্র শ্রমিক সংগঠন, তা এই নির্দেশিকাকে তুলে ধরে শ্রমিক মহলে বিভ্রান্তি কাটাতে মরিয়া তারা। 
শ্রমিকদের বিভ্রান্ত হওয়ার যথেষ্ট কারণ করেছে। রা‌‌঩জ্যে পালাবদলের পরই বিএমএস বিভিন্ন কারখানা ও শ্রম ক্ষেত্রে নিজেদের প্রভাব বাড়াতে উদ্যোগী হয়। পাশাপাশি ভারতীয় জনতা মজদুর মঞ্চ (বিজেএমএম), ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) মতো একাধিক সংগঠন নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে থাকে আসানসোল, দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলগুলিতে। তাদের ব্যানারেও ছিল বিজেপির শীর্ষ নেতাদের ছবি। স্লোগানেও বিজেপির সুর। এই জল্পনা তুঙ্গে ওঠে কলকাতা বিমান বন্দরে বিজেপি ট্রেড ইউনিয়র রিলেশন সেলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে। জেলায় জেলায় এই সেলের নেতারা নিজেদের মতো করে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের নিয়ে কমিটি গড়ার উদ্যোগ নিতে থাকে। বিভিন্ন কোলিয়ারি ও কারখানায় বিজেএমসি-বিএমএস, বিজেএমএম-বিএমএসের মধ্যে তীব্র টানাপোড়েন এমনকী কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠতে পারে। বিভ্রান্তি বাড়ে যখন বিজেএমএমের মতো সংগঠনের বিজয়া সম্মেলনে বিজেপি এমপি রাহুল সিনহা দুর্গাপুরে আসেন। সব সংগঠনেকেই একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিষয়গুলি মোটেও ভালোভাবে নেয়নি বিএমএস। তাঁরা সমস্ত বিষয় সংঘের শীর্ষ নেতৃত্বর নজরে এনছিল বলে জানা গিয়েছে। তারপর রাজ্য বিজেপি স্পষ্ট করে দিল, এই ধরনের সংগঠনের সভায় হাজির হতে পারবেন না বিজেপি নেতারা।  বিষয়টি নিয়ে জোর চর্চা শিল্পাঞ্চলে। একদিকে যেমন বিএমএস শিবিরে খুশির হাওয়া, তেমনি ট্রেড সেল সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব বিমর্ষ। ট্রেড ইউনিয়ম রিলেশন সেলের জেলা কো অর্ডিনেটর কাজল মণ্ডল বলেন, ‘প্রায় ৭০টি অসংগঠিত ক্ষেত্রে আমাদের কমিটি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু দলের নির্দেশই আমাদের কাছে শেষ কথা। পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছি।’ 
বিএমএসের জেলা সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম বিজেপির ট্রেড সেল আমাদের সঙ্গে সমন্বয় করার কাজ করবে। এই নির্দেশিকায় সেটাই প্রমাণিত হল।’ 
বিষয়টি নিয়ে শিল্পাঞ্চলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে মনে করছে, বিজেপি শ্রমিক ক্ষেত্রে সতন্ত্র ভাবে সংগঠন বিস্তারের চেষ্টা করলেও সংঘের চাপে তা আপাতত বিশবাঁও জলে।