সুখেন্দু পাল, বর্ধমান: ক্ষমতায় আসার পর কোন নেতা বা বিধায়ক কী করছেন, তাঁদের কতটা ‘পরিবর্তন’ হয়েছে, সেই সব কিছুই খতিয়ে দেখবে বিজেপির বিশেষ দল। ১ ডিসেম্বর থেকে ২৫ দিন ধরে চলবে ‘তদন্ত’। সেই রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ টিম প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। বিধায়ক এবং নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়েছে, সেগুলিও যাচাই করা হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা নেতাদের অনেকের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব। এখনও সব এলাকায় সংগঠন তৈরি হয়নি। অথচ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেড়েছে। কী কারণে দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, সেটা নেতৃত্ব খোঁজ নিয়ে দেখবে। প্রয়োজনে তাঁরা গ্রামে রাত কাটাবেন। সাংগঠনিক বিষয়ে বিধায়কদের হস্তক্ষেপ না করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডল সভাপতি বা অন্য পদাধিকারীরা এই কাজ দেখবেন। তারপরেও অনেক জায়গাতেই বিধায়কদের সঙ্গে নেতৃত্বের বিরোধ বাঁধছে। বিজেপির এক নেতা বলেন, রাজ্য থেকে আসা ওই টিমের সদস্যরা অনেকটা বিস্তারকদের মতোই তৃণমূলস্তরে পৌঁছে গিয়ে খোঁজ খবর নেবেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গেও কথা বলবেন। অনেক সময় মিথ্যা অভিযোগ জমা পড়ে। তাই রাজ্য অফিসে যেসব অভিযোগ গিয়েছে, সেগুলি এলাকায় গিয়ে যাচাই করা হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সংগঠনে কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
বিজেপির আরএক নেতা বলেন, কোন কোন এলাকায় গিয়ে কী তথ্য সংগ্রহ হচ্ছে, বিশেষ টিমের তরফে সেসব কিছু রাজ্যে জমা পড়বে। এছাড়া বিগত ছ’মাসে রাজ্য সরকার যেসব কাজ করেছে, সেগুলিও ওই টিমের সদস্যরা প্রচার করবেন। স্থানীয় বাসিন্দারা সরকারি সুবিধা পাচ্ছেন কি না, তা তাঁরা যাচাই করবেন। কেউ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকলে সমস্যা সমাধানেও জোর দেওয়া হবে। বিশেষ টিম প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, নেতা-বিধায়কদের কাজ খতিয়ে দেখার জন্য এরকম কোনো টিম গঠন করা হয়নি। গোটাটাই ভিত্তিহীন, অবান্তর এবং সারবত্তহীন।



