Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির বাধা, দাসপুর-২ ব্লকের চাঁইপাটের প্রস্তাবিত সুস্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ বন্ধ

‘উন্নয়নে বাধা’, বিজেপির স্থানীয় নেতা ও কর্মীদের আপত্তিতে দাসপুর-২ ব্লকের চাঁইপাটের প্রস্তাবিত সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণকাজ শুরু হতেই তা আটকে গেলো

বিজেপির বাধা, দাসপুর-২ ব্লকের চাঁইপাটের প্রস্তাবিত সুস্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ বন্ধ
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: ‘উন্নয়নে বাধা’, বিজেপির স্থানীয় নেতা ও কর্মীদের আপত্তিতে দাসপুর-২ ব্লকের চাঁইপাটের প্রস্তাবিত সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণকাজ শুরু হতেই তা আটকে গেল। স্থানীয় বিজেপি কর্মীদের আপত্তিতেই এই কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতাদের  দাবি, বেলডাঙায় চন্দ্রেশ্বর খালের জল বাড়লে নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এত বড় মাপের একটি সরকারি কাজ তাঁদের না জানিয়ে কীভাবে শুরু হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। এদিকে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সুস্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করার জন্য ভিত খোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয়দের প্রবল আপত্তি থাকায় আপাতত নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, এলাকায় উন্নত চিকিৎসার সুবিধার্থে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ওই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। চাঁইপাটের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা সচল থাকলেও নানা সমস্যা থাকায় এলাকার জনসংখ্যার কথা মাথায় রেখে এই নতুন ভবনটি তৈরির দাবি উঠেছিল। চন্দ্রেশ্বর খালের পাড়ে বেলডাঙায় সেচ দপ্তরের অধীনস্থ ওই জমিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ভবন নির্মাণের স্থান নির্ধারণ করেছিল। কিন্তু দিন দুয়েক আগে কাজ শুরু হতেই বিজেপি কর্মীরা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার লোকজনকে ঘিরে ধরে নথিপত্র দেখতে চান। মূলত, বিজেপির সঙ্গে আলোচনা না করে এত টাকার কাজ শুরু হওয়ার কারণেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে দাসপুরের বিজেপি বিধায়ক তপন দত্ত জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে খালের ভৌগোলিক কাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটবে। ফলে খালের পাড়ে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে ভবিষ্যতে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাই আলোচনা করে বিকল্প জমির সন্ধান করা হচ্ছে। অন্যদিকে, ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের এক সদস্য তথা তৃণমূল নেত্রী প্রতিমা দোলই জানান, সাধারণ মানুষের স্বার্থেই ওই ভবনের কাজ শুরু হয়েছিল। বেলডাঙায় ফাঁকা জায়গার চূড়ান্ত অভাব রয়েছে এবং প্রস্তাবিত জায়গাটি খাল থেকে অনেকটাই দূরে। কিন্তু বর্তমানে এলাকার বাসিন্দাদের আপত্তিতে কাজ বন্ধ রয়েছে।
ওই ব্লকের তৃণমূলের এক নেতা বলেন, বিজেপির নেতাদের সঙ্গে দেখা না করে কাজ শুরু হওয়াতেই এই অহেতুক রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। বর্তমানে এই টানাপোড়েনের জেরে কাজ বন্ধ রয়েছে এবং নতুন করে বিকল্প জমির খোঁজ শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ