Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ভাটা 

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ভাটা 
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুরে প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্য থেকে অনেক দূরে বিজেপি। এই জেলাতেও ১৫ দিনের অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। ফলে ডিসেম্বর মাসজুড়ে সদস্য সংগ্রহের কাজ চলবে। অতিরিক্ত সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছনো যাবে কি না, তা নিয়ে সংশয়। সামনে এসেছে দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও। বিজেপি সূত্রে খবর, এবার আড়াই লক্ষ প্রাথমিক সদস্য তৈরির লক্ষ্য দেওয়া হয়েছিল। ১৫ ডিসেম্বর ছিল কর্মসূচির শেষদিন। কিন্তু ওই দিন পর্যন্ত নেতৃত্ব জেলায় এক লক্ষ প্রাথমিক সদস্যও সংগ্রহ করতে পারেনি।
Advertisement
বিজেপির জেলা কমিটির অন্যতম সদস্য সুরজিৎ সেন বলেন, সময়সীমা বৃদ্ধির পিছনে অন্য কোনও কারণ নেই। যাতে আরও বেশি সদস্য সংগ্রহ করা যায়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  এবছর এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ করতে পেরেছি। লক্ষ্যপূরণের চেষ্টা হচ্ছে। লোকসভা নির্বাচনে জেলার রায়গঞ্জ কেন্দ্র থেকে ৫ লক্ষ ৬০ হাজার  ৮৯৭ ভোট পেয়েছে বিজেপি। নির্বাচনের বছর না ঘুরতেই সদস্য সংগ্রহে এমন ভাটা কেন? দলের অন্দরে আলোচনা, জেলা নেতৃত্বের সঙ্গে নিচুতলার একাংশ কর্মীর  বনিবনা নেই। এর প্রভাব পড়ছে সংগঠনের উপর। অনেকে পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে থেকেই জেলা নেতৃত্বের মধ্যে কাজিয়া শুরু হয়েছিল। দলের একটি অংশের অভিযোগ, নির্বাচনের সময়  খরচ নিয়ে জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে নিচুতলার মতানৈক্য হয়। সেই কাজিয়ার ফলে কিছু কর্মী নিষ্ক্রিয় হয়ে বসে যান। সেসবের প্রভাব পড়েছে সদস্য সংগ্রহ কর্মসূচিতে।
সম্পর্কিত সংবাদ