Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির সদস্য সংগ্রহ নিয়ে মন্তব্যের জবাবে সৌমিত্রকে কটাক্ষ দিলীপের

বিজেপির সদস্য সংগ্রহ নিয়ে মন্তব্যের জবাবে সৌমিত্রকে কটাক্ষ দিলীপের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: রাজ্যজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে দলেরই সাংসদ সৌমিত্র খাঁকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দলের প্রাক্তন রাজ্য সভাপতি শান্তিনিকেতনের পৌষমেলায় গেরুয়া শিবিরের স্টলে এসে এই কটাক্ষ করেন। সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যজুড়ে বিজেপির এই উদ্যোগ নিয়ে মন্তব্য করেন, কোথাও রাজ্য নেতৃত্ব সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না। তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যিনি বিরূপ মন্তব্য করছেন, তাঁর নিজের দিকেও প্রশ্ন তোলা উচিত। কারণ তিনি নিজেও কেন্দ্রীয় পদাধিকারী। তবে কোনও সমস্যা হলে সেটা কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের সামনে বলা উচিত। কেন হচ্ছে না, কী করলে ভালো হবে-সেবিষয়ে কথা বলে উদাহরণ তৈরি করা উচিত।
Advertisement
পৌষমেলায় বাংলাদেশের স্টল না থাকা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বিষয়ে ভারতীয়দের মনে রাগ রয়েছে। ওই দেশের স্টল এখানে বসানো হলে সেই রাগের বহিঃপ্রকাশ হতে পারত। তাছাড়া, যারা ভারতের বিরোধিতা করছে-তাদের এখানে ব্যবসা করার সুযোগ কেন দেওয়া হবে?
সম্প্রতি বিজেপি কর্মীরা অনেকেই ফের দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি চেয়ে পোস্ট করছেন। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, আমার প্রশংসা ও সমালোচনা করার লোক রয়েছে। সামাজিক মাধ্যম মনের কথা প্রকাশের জায়গা। তাই হয়তো কেউ মনের কথা প্রকাশ করেছে।
সম্পর্কিত সংবাদ