Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির পঞ্চায়েত প্রধানের সই জাল! অভিযুক্ত দলেরই পঞ্চায়েত সদস্য

বিজেপির পঞ্চায়েত প্রধানের সই জাল! অভিযুক্ত দলেরই পঞ্চায়েত সদস্য
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: বিজেপির পঞ্চায়েত প্রধানের সই জাল করার অভিযোগ উঠল দলেরই এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে  থানার দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে, গেরুয়া-গড় কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা পঞ্চায়েতে। ঘটনায় পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের আরও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম নিয়ে হামেশাই তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তোলে বিজেপি। কিন্তু প্রধানের সই নকল করে গ্রামের বাসিন্দাকে ইনকাম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, অনৈতিক কাজ নিয়ে বিজেপির প্রতিবাদী মুখোশ ক্রমেই খুলে যাচ্ছে। এর প্রভাব ছাব্বিশের বিধানসভা ভোটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 
Advertisement
পোড়াগাছা পঞ্চায়েতের প্রাধান অশোক বিশ্বাস বলেন, ‘আমি অভিযোগ করেছি। যিনি সার্টিফিকেটটা দিতে এসেছিলেন তার প্রমাণ দিয়েছি।‌ পাশাপাশি আমার সই কেমন দেখতে, সেটাও জানিয়েছি। কারণ যে সইটা সার্টিফিকেটে দেখানো হয়েছে, সেটা আমার নয়। নকল সই করা সার্টিফিকেট পাওয়ায় আমি দুঃশ্চিন্তায়  রয়েছি। আমার সই নকল করে কোনও অবৈধ বা আইন বিরুদ্ধ কাজ করা হয়েছে কি না, সেটাও আমাকে ভাবাচ্ছে। আমি চাই সঠিক তদন্ত  হোক। দোষীরা উপযুক্ত শাস্তি পাক।’
অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য উৎপল দাস বলেন, ‘এই বিষয় নিয়ে আমি কিছুই জানি না। সার্টিফিকেট সংক্রান্ত কোনও বিষয় থাকলে, তা পঞ্চায়েত থেকেই হয়ে আসে।‌ কারণ পঞ্চায়েত থেকে কখনই ফাঁকা সার্টিফিকেট আসে না।‌ তাতে প্রধানের সই থাকে।‌ কিন্তু এই বিষয় নিয়ে আমি এখনও অবগত নই।’ জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পোড়াগাছার সুকান্তপল্লির এক বাসিন্দা ইনকাম সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে এসেছিলেন। তাতে প্রধানের যে হস্তাক্ষর ছিল সেটি নকল করা হয়েছে বলে অভিযোগ।‌ পঞ্চায়েত প্রধান তখন ওই বাসিন্দার কাছে জানতে চান‌ যে, প্রধানের সই করা ইনকাম সার্টিফিকেট তিনি কোথা থেকে পেয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ