Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপির নতুন এজেন্ডা ভুয়ো ভোটার আর ধর্মীয় বিভাজন, তোপ তৃণমূলের

বিজেপির নতুন এজেন্ডা ভুয়ো ভোটার আর ধর্মীয় বিভাজন, তোপ তৃণমূলের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রী থেকে নেতাদের বাড়িতে ঘন ঘন ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির হানার পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এমন অভিযোগ আগের ভোটেই করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এতসবের পরেও তৃণমূলের সঙ্গে বাংলার মানুষের সম্পর্কে বিজেপি ফাটল ধরাতে পারেনি বলে দাবি করেছে রাজ্যের শাসক দল। আর এবার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ভুয়ো ভোটার আর ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে তৃণমূল। তারজন্য দলের সমস্ত নেতা-কর্মীকে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষাপটেই আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের বিশেষ অধিবেশনে ভোটমুখী বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
নির্বাচনী তথ্য বলছে, ২০১১ সালের পর থেকে তৃণমূলের জয়ের যাত্রা আরও প্রসারিত হয়েছে। রাজ্যের ক্ষমতায় টানা ১৫ বছরের পথে তৃণমূল। তাছাড়া রাজ্যের পুরসভা, পঞ্চায়েতেও তৃণমূলের আধিপত্য। এমনকী সর্বশেষ ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ২৯টি আসন জিতে ভালো ফল করেছে জোড়াফুল শিবির। তৃণমূলের এই জয়ের যাত্রাপথ আটকাতে প্রতি ভোটেই নানাবিধ কৌশল গেরুয়া শিবির নেয় বলে অভিযোগ এসেছে। ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা ভোটে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ করেছিল তৃণমূল। আগের ভোটে দেখা গিয়েছিল, রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্বের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময়ই তৃণমূল বলেছিল, সমাজে হেয় করার জন্য তৃণমূল নেতাদেরই বাড়িই বেছে নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবং তারা পরিচালিত হচ্ছে বিজেপির দ্বারা। তৃণমূলের এমন অভিযোগ ছিল, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি বৃদ্ধি পায়। এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাবও পাশ করে সরকার পক্ষ। কিন্তু আগের ভোটগুলিতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগালেও বিজেপি ফায়দা তুলতে পারেনি বলে দাবি করেছে রাজ্যের শাসক দল। ঘটনার সূত্র ধরে দেখা গিয়েছে, আদালতের নির্দেশে ইতিমধ্যে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যরা। 
তৃণমূলের নজরে এসেছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে অন্য এজেন্ডা নিয়েছে বিজেপি। হিন্দুত্বের জিগির তুলে সমাজে বিভাজন ঘটিয়ে ভোট বাক্সে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। গেরুয়া শিবিরের গোপন এজেন্ডা ফাঁস করে দিয়ে সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা (বিজেপি) একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। আর ভূতুড়ে ভোটার নিয়ে জেলাগুলি থেকে তৃণমূলের কাছে নানাবিধ খবর সামনে আসছে। ভুয়ো ভোটার দিয়ে কারচুপি বিজেপির গোপন এজেন্ডার মধ্যে রয়েছে বলে জানতে পেরেছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই আজ নেতাজি ইন্ডোরে সর্বস্তরের কর্মীদের সভায় ভূতুড়ে ভোটার আর ধর্মীয় বিভাজনের প্রসঙ্গে বিজেপিকে নিশানা করতে পারেন মমতা। রাজনৈতিক মহলের অনুমান, দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। ২০২৬ ভোটের আগে এই মঞ্চ থেকেই ঐক্যবদ্ধ তৃণমূলের ছবিটা তুলে ধরবে রাজ্যের শাসক দল। দলের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটযুদ্ধে নামার শপথ নেবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ