পাটনা: চলতি বছরের অক্টোবরের দিকে বিধানসভা নির্বাচন। তার আগে বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ। বুধবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও সাতজন সদস্য। আর তাৎপর্যপূর্ণভাবে এই সাত নতুন মুখই বিজেপির। তালিকায় নীতীশের দল জেডিইউর একজনেরও নাম নেই। ভোটের মাত্র কয়েকমাস আগে এই সম্প্রসারণ কেন? রাজনৈতিক মহলের অভিমত, রাজ্যে রাজপাতের সমীকরণ মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। বিভিন্ন জাতের প্রতিনিধিত্বর বিষয়টি মাথায় রেখে নতুন মন্ত্রীদের বেছে নিয়েছে গেরুয়া শিবির। এই অঙ্কে পদ্মশিবির ‘বন্ধু’ নীতীশের উপর ঘুরিয়ে চাপ তৈরির কৌশল নিল বলেও মনে করা হচ্ছে।
Advertisement
উচ্চবর্ণের রাজপুত, ভুমিহার ও বৈশ্যর পাশাপাশি অনগ্রসর জাতিভূক্ত বিধায়কদেরও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। এদিন যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন, জীবেশ মিশ্র (ভূমিহার), রাজু সিং (রাজপুত), সঞ্জয় সারাবগি (মারওয়াড়ি) ও সুনীল কুমার (কোইরি), মতিলাল প্রসাদ (তেলি), কৃষ্ণকুমার মন্টো (কুর্মি) ও বিজয় কুমার মণ্ডলে (কেবট)। এই সম্প্রসারণের জন্য মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল। এব্যাপারে জয়সওয়াল জানিয়েছেন, দলের সাংগঠনিক কাজে জোর দিতেই তাঁর এই সিদ্ধান্ত।



