সংবাদদাতা, হলদিয়া: বিজেপিকে রুখতে কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণচন্দ্র শেঠ। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মদিবস উপলক্ষ্যে মহকুমা কংগ্রেসের ডাকে হলদিয়ার চৈতন্যপুর মোড়ে এক সভায় তিনি এই আহ্বান জানান। লক্ষ্মণবাবু বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। ওরা গরিব মানুষের বিপক্ষে। তাই বিজেপির উত্থানকে রুখতে হলে কংগ্রেসকেই শক্তিশালী করতে হবে, না হলে দেশের উন্নতি হবে না। শুধু আমাদের রাজ্যে নয়, দেশের উন্নয়ন হবে না। বিজেপি থাকলে বেকারদের চাকরি হবে না। এদিন লক্ষ্মণবাবু ইন্দিরা গান্ধীকে ‘আয়রন লেডি’ সম্বোধন করে তাঁর আদর্শ, তাঁর স্মৃতি বাঁচিয়ে রাখার পরামর্শ দেন তরুণ প্রজন্মকে। একসময় বামপন্থী নেতা থাকার সময় ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছি, এখন মনে হচ্ছে ভুল করেছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। পরিবর্তন রাজনীতির অনিবার্য বিষয়। বিজেপির তীব্র সমালোচনা করে কেন্দ্রে কংগ্রেস সরকার আনার আহ্বান জানান। এদিন তৃণমূল সরকারের সমালোচনাও করেন তিনি। এদিন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রণব দাস, সুদর্শন মান্না প্রমুখ।



