Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির যুবনেতাকে খুনের হুমকি, বারাকপুরে উত্তেজনা

সরকার বদল হলেও থ্রেট কালচার বন্ধ হল না বারাকপুরে। এবার হোয়াটসঅ্যাপ কলে প্রাণনাশের হুমকি পেলেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিশাল জয়সোয়াল।

বিজেপির যুবনেতাকে খুনের হুমকি, বারাকপুরে উত্তেজনা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সরকার বদল হলেও থ্রেট কালচার বন্ধ হল না বারাকপুরে। এবার হোয়াটসঅ্যাপ কলে প্রাণনাশের হুমকি পেলেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিশাল জয়সোয়াল। শুক্রবার তাঁর মোবাইলে ‘ভিওআইপি কলে’ ইন্টারনেটের মাধ্যমে ফোনটি আসে। ওপার থেকে ভারী কণ্ঠস্বরে বিশালকে রীতিমতো ধমকের সুরে বলা হয়, আমার ফোন ধরছ না কেন? বড় নেতা হয়েছ? নেতাগিরি বন্ধ কর। মণীশকে (প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা) চেনো তো? আজ ও ফটো হয়ে গিয়েছে। মণীশের মতো অবস্থা হবে তোমার। বেশি ঘোরাঘুরি বন্ধ কর, নয়ত তোমাকে মণীশ শুক্লা বানিয়ে দেব।

Advertisement

বিশাল বারবার তাঁর কাছে জানতে চাইছিলেন, তাঁর দোষটা কী? কোনো জবাব পাননি। হিন্দিতে এই ফোন কলটি পেয়ে রীতিমতো ঘাবড়ে যান বিশাল। তিনি শুক্রবার রাতেই খড়দহ থানায় লিখিত অভিযোগ করেন। বিশাল বলেন, আমি বিজেপি’র হয়ে গত নির্বাচনে খেটেছি। বারাকপুরে কৌস্তভ বাগচিকে জেতাতে প্রাণপণ লড়াই করেছি। কারও কোনও ক্ষতি করিনি। আমাকে কেন হুমকি দেওয়া হল, বুঝতে পারছি না। পরিবার নিয়ে থাকি, স্বাভাবিক ভয় তো পাবই। পুলিসের দ্বারস্থ হয়েছি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানাবো। 
এই হুমকি ফোন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। তিনি বলেন, আমার সব উদ্যোগে বিশাল থাকে। তাই ওকে টার্গেট করা হয়েছে। যাঁদের বিশালের উপর রাগ থাকতে পারে, তাঁরাও কাউকে দিয়ে এই ফোন করাতে পারেন। আমি বিষয়টি নিয়ে পুলিস কমিশনার অমিতকুমার সিংয়ের সঙ্গে কথা বলেছি। আমরা মনীষ শুক্লাকে হারিয়েছি। আর আমরা কোনও কর্মীকে হারাতে চাই না। পুলিস কমিশনার জানিয়েছেন, এই সংক্রান্ত অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ