সংবাদদাতা, কাঁথি: ধাবার আড়ালে মদের কারবার চালানোর অভিযোগে রামনগরে বিজেপির এক যুব মোর্চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত গোপাল মহুরি বিজেপির যুব মোর্চার কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি রামনগর থানার পালধুই গ্রামে। এই ঘটনায় রামনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে রামনগরের মান্দার এলাকায় এগরা-রামনগর রাজ্য সড়কের পাশে ওই ধাবায় হানা দেয় পুলিস। সেখান থেকে গোপালবাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর ধাবা থেকে চার পেটি দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। দলের যুব নেতার এই অবৈধ ব্যবসার অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক তৃণমূল। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, বছরখানেক ধরে মান্দার এলাকায় ওই ধাবা চালাচ্ছেন ওই বিজেপি নেতা। সেখানে মদ ও মাদকদ্রব্য বিক্রি করা হতো বলে অভিযোগ। এনিয়ে থানায় একাধিক অভিযোগও জমা পড়ে। তৃণমূলের অভিযোগ, শুধু অবৈধ মদ ব্যবসা নয়, এর আগে জুয়া ও গাঁজার ঠেক বসানোর অভিযোগেও সে পুলিসের হাতে ধরা পড়েছিল।



