Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুন! ধৃত ১

বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল। মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। গ্রেপ্তার ১।

বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুন! ধৃত ১
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১০:০১
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল। মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। গ্রেপ্তার ১। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামে। মৃতের নাম সুজয় রং। জানা গিয়েছে, বাঁকুড়ার খটনগর গ্রামের বাসিন্দা সুজয় রং-এর ভাই প্রসাদ রং এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। মৃতের পরিবারের দাবি সুজয় রংয়ের ভাই প্রসাদ রং-এর কাছ থেকে টাকা নিয়ে গতকাল, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ গ্রামের কলোনি শিবতলা এলাকার একটি দোকানে যান। সেই সময়ে স্থানীয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত নয়ন রায় ও পিন্টু রায় সুজয় রংকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে।

Advertisement

অভিযোগ, সুজয়কে ঢালাই রাস্তায় ফেলে চরম পেটাতে থাকে তারা। ঘটনাটি চোখে পড়তেই এলাকাবাসীরা ছুটে এলে হামলাকারী ওই দুই তৃণমূল কর্মী পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন সুজয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে গতকাল, গভীর রাতে মৃতের পরিবারকে সঙ্গে নিয়েই ইন্দাস থানায় হাজির হন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। পরিবারের তরফে সুজয় রংকে খুনের অভিযোগ দায়ের করা হয় নয়ন রায় ও পিন্টু রায়ের বিরুদ্ধে। অভিযোগ পেতেই ইন্দাস থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পিন্টু রায়কে গ্রেপ্তার করে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার।  বিজেপি বিধায়কের দাবি রাজনৈতিক শত্রুতার কারণেই সুজয় রংকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের সকলকে গ্রেপ্তার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্দাসের বিজেপি বিধায়ক।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ