Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে সভাপতির নাম ঘোষণা না হওয়ায় হতাশ বিজেপি কর্মীরা

নড়বড়ে সংগঠন। কয়েকমাস ধরে এলাকায় কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না গেরুয়া শিবিরকে।

বহরমপুরে সভাপতির নাম ঘোষণা না হওয়ায় হতাশ বিজেপি কর্মীরা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নড়বড়ে সংগঠন। কয়েকমাস ধরে এলাকায় কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না গেরুয়া শিবিরকে। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে কারও নাম ঘোষণা হবে কিনা-সেদিকেই তাকিয়ে দলের নিচুতলার কর্মীরা। সম্প্রতি মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা হলেও ওই তালিকায় বহরমপুরের নামই রাখেনি পদ্মের রাজ্য নেতৃত্ব। বহরমপুরে বিজেপির বর্তমান সভাপতি শাখারাভ সরকারের সঙ্গে বিধায়ক সুব্রত মৈত্রের দ্বন্দ্ব সর্বজনবিদিত। সেকারণেই কি বহরমপুর নিয়ে রাজ্য নেতৃত্ব পদক্ষেপ করতে পারছে না-এমনই চর্চা গেরুয়া শিবিরে। সঙ্ঘের কোনও মুখকে ওই পদে বসানো হতে পারে-এমন জল্পনাও চলছে।

Advertisement

শাখারভবাবু অবশ্য আশাবাদী, দল তাঁকেই আবার সংগঠনের দায়িত্ব দেবে। সেজন্য নতুন প্রকাশিত তালিকায় বহরমপুরের উল্লেখ ছিল না বলে তিনি দাবি করেন। তবে বিজেপির কিছু নেতার দাবি, যদি সভাপতি অপরিবর্তিত রাখা হতো, তাহলে ওই তালিকায় বহরমপুরের নাম থাকত। কারণ, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আগের সভাপতি সৌমেন মণ্ডলকে পুনর্বহাল করা হয়েছে। সেটা তালিকায় জানানো হয়েছে। ফলে শাখারভবাবুর পদের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। বিজেপির অনেক নেতা আবার রাজ্য সভাপতি ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের দাবি, যিনি রাজ্যের সভাপতি হবেন, তাঁর মতানুসারেই বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি বাছাই করা হবে।
পদ্মের বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, জঙ্গিপুরে নতুন সভাপতির নাম ঘোষণা হয়েছে। মুর্শিদাবাদে পুরনো সভাপতিকেই পদে বহাল রাখা হয়েছে। বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতির নাম তাড়াতাড়ি ঘোষণা করা দরকার। বহুদিন ধরে দল রাস্তায় নেমে আন্দোলন করছে না। তাড়াতাড়ি সভাপতি ঘোষণা করে রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া দরকার। আগামী বিধানসভা নির্বাচনের জন্য হাতে খুব কম সময় রয়েছে। আমরা চাইছি, রাজ্য নেতৃত্ব বহরমপুর নিয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক।
জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, আশা করছি, লোকসভা ও পঞ্চায়েত ভোটে আমাদের দলের ভোটব্যাঙ্ক যেভাবে বেড়েছে, সেটা রাজ্য নেতৃত্ব বিবেচনা করবেন। সংখ্যালঘু-অধ্যুষিত এই জেলায় বিজেপি ক্রমশ সংগঠন বিস্তার করছে। রাজ্য নেতৃত্ব ফের দায়িত্ব দিলে আগামী দিনে আমাদের সংগঠন আরও মজবুত হবে। তবে সূত্রের খবর, এই জেলায় বিজেপির সংগঠনের মাথায় সঙ্ঘের কোনও মুখকে আনা হতে পারে। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে গেরুয়া শিবির বহরমপুরে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে। এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্রকে বিজেপি টার্গেট করছে। ফলে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতির পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জেলার বিজেপি নেতারা মনে করছেন। শাখারভ সরকারের পাশাপাশি নতুন মুখ হিসেবে এক শিক্ষক ও সংগঠনেরই দায়িত্বপ্রাপ্ত এক নেতার নাম উঠে আসছে। তবে বিধায়ক গোষ্ঠীও নিজেদের পছন্দের নাম রাজ্য নেতৃত্বকে জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ