Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মোদির জন্মদিনের অনুষ্ঠানে বিজেপি কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত টালিগঞ্জ এলাকা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে।

মোদির জন্মদিনের অনুষ্ঠানে বিজেপি কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত টালিগঞ্জ এলাকা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বিজেপির চার-পাঁচজন। তাঁদের সকলের মুখে, নাকে আঘাত রয়েছে। গোটা ঘটনার পিছনে কালীঘাট এলাকায় কুখ্যাত দুষ্কৃতীর দলবল রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূল গোটা বিষয়টি অস্বীকার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার টালিগঞ্জের সাহেববাগান মাঠ এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর জন্মদিনের আয়োজন করেছিলেন। এই উপলক্ষ্যে সন্ধ্যায় প্রদীপ জ্বালাচ্ছিলেন সকলে। বিজেপি কর্মী রাজা নস্কর জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন সেখানে জড়ো হয় ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতীর দলবল। তারা সকলেই তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকে। বিজেপির নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেন। তখনই এক বিজেপি কর্মীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করে অভিযুক্তরা। এছাড়া অন্য বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে তারা। চার-পাঁচজন মারাত্মক জখম হন। সকলের মুখে চোখে, নাকে আঘাত রয়েছে। বিজেপি কর্মীদের দাবি, এলাকায় তাণ্ডব চালানো হয়। পুলিশ পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর তারাই প্রথমে থানায় পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে। বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ