Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার একজন

ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত বসিরহাট।

বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার একজন
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত বসিরহাট। বুধবার গভীর রাতে বসিরহাট থানার গোডাউন পাড়া এলাকার বিজেপি কর্মী রোহিত রায়কে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। তদন্তে নেমে বৃহস্পতিবার গোডাউন পাড়া এলাকা থেকে জাহিনুর গাজি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে। 

Advertisement

বৃহস্পতিবার ধৃতকে নিয়ে ঘটনাস্থলেও যায় পুলিশ। সেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এলাকায় ছিলেন রোহিত। বাড়ি থেকে কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। সেই দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় জাহিনুর বলে অভিযোগ। পেটে গুলি লাগে। রক্তাক্ত রোহিতকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে গোডাউন পাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় পুলিশ। এই ঘটনায় সরাসরি তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে এই হামলা। কর্মীদের আতঙ্কিত করতে পরিকল্পনা করে গুলি চালানো হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। ব্যক্তিগত শত্রুতা বা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে বলে পালটা দাবি তৃণমূলের। এনিয়ে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ বলেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হয়েছে। ধৃতকে জেরা করে হামলার মূল কারণ এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ