সংবাদদাতা, হলদিবাড়ি: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি তেঁতুলতলায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর বাড়ি ফিরতে বাসের ছাদে উঠে আসছিলেন মিঠুন সরকার (২৬)। কাশিয়াবাড়ি তেঁতুলতলায় রাস্তার মাঝে থাকা হাইটবারে ধাক্কা লাগে তাঁর। পরবর্তীতে অন্য বিজেপি কর্মীরা উদ্ধার করে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করেন। পরে সেখান থেকে মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মানিকগঞ্জ আউট পোস্টের পুলিস জানিয়েছে, মৃত মিঠুন সরকারের বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-১ পঞ্চায়েতের অমরখানায়। এ বিষয়ে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য লক্ষ্মী সরকার বলেন, প্রধানমন্ত্রীর সভা থেকে বাসে করে বাড়ি ফিরছিলাম। বাসের ভিতরে জায়গা থাকলেও ৭-৮ জন কর্মী আমাদের কথা না শুনে উপরে উঠেছিলেন। কাশিয়াবাড়ি তেঁতুলতলায় রাস্তার মাঝে থাকা হাইটবার দেখে সামনে থাকা কর্মীরা মাথা নিচু করলেও মিঠুনের মাথায় হাইটবারটি লাগে। ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ওঁর পরিবারকে আর্থিক সাহায্য যাতে করা হয় তারজন্য রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।
মৃত বিজেপি কর্মীর বাবা শঙ্কর সরকার জানান, ছেলের এভাবে মৃত্যু হবে ভাবতেই পারছি না। ছেলেকে হারিয়ে আমরা মর্মাহত।