Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীবন্দর প্রকল্পকে ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনা, বলাগড়ে বাজিমাত বিজেপির

বলাগড়ে নদীবন্দর তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সম্ভাবনা উসকে দিয়েই বাজিমাত করল বিজেপি। হুগলির ভাঙন কবলিত বলাগড়ে বড়ো ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার

নদীবন্দর প্রকল্পকে ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনা, বলাগড়ে বাজিমাত বিজেপির
  • ১১ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বলাগড়ে নদীবন্দর তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সম্ভাবনা উসকে দিয়েই বাজিমাত করল বিজেপি। হুগলির ভাঙন কবলিত বলাগড়ে বড়ো ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থেকেও বলাগড় ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেখানেই প্রথম থেকে শেষদিন পর্যন্ত বলাগড়ে কেন্দ্রীয় সরকারের নদীবন্দর তৈরির ঘোষণাকে সামনে রেখে মাটি কামড়ে পড়েছিলেন সুমনা। রাজনৈতিক মহলের ভোট পরবর্তী বিশ্লেষণ, সেটাই বলাগড়ে সুমনাকে জিতিয়ে দিয়েছে। সঙ্গে জুড়েছে আরও একটি ঘটনা। তা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষার ঘোষণা। বলাগড়ে মুখোপাধ্যায় পরিবারের পুরানো ভিটে আছে। ভোটপর্বে প্রচারে এসে সেখানেই স্মৃতিরক্ষা সৌধ তৈরির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেটাও স্থানীয় আবেগের পালে বাতাস দিয়েছে। 

Advertisement

সদ্য জয়ী বিজেপি বিধায়ক সুমনা বলেন, বলাগড়কে বন্ধ্যা করে দিয়েছিল তৃণমূল। সেখানেই নতুন আশার আলো এনেছে প্রধানমন্ত্রীর নদীবন্দর তৈরির প্রকল্প। কলকাতা বন্দরের সমান্তরালে বলাগড়ের বন্দর কাজ করতে শুরু করলে এলাকার অর্থনীতি বদলে যাবে। তাতে বলাগড়ের যেমন উন্নতি হবে, তেমনই নদীমাতৃক বাংলার মানচিত্রে আমাদের এলাকা বিশিষ্ট হয়ে যাবে। সেই সম্ভাবনা ও কর্মসংস্থানের কথাই আমি বারবার প্রচারে বলেছিলাম। মানুষ তাতে ভরসা রেখেছেন। আমাদের কাজ সেই ভরসার সম্মান রক্ষা করা। তৃণমূলের তরফে বলাগড়ের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেন, শুধুমাত্র বলাগড় বন্দর প্রকল্প বিজেপিকে জিতিয়ে দিয়েছে, তা আমি মনে করি না। আমরা ফলাফল ধরে ধরে বিশ্লেষণ করব। তৃণমূল বলাগড়ের মানুষের পাশে থাকবে।
হুগলির মাটিতে বলাগড় আদ্যন্ত প্রান্তিক জনপদ। অনেক সম্ভাবনা থাকার পরেও বলাগড়কে কেন্দ্র করে কোনো বহুমুখী প্রকল্প গড়ে ওঠেনি। কৃষিভিত্তিক ওই জনপদে ভাঙন একটি বিরাট সমস্যা। ফলে, বলাগড় এক রকমের হতাশার বৃত্তের মধ্যে বহু বছর ধরেই ছিল। সেখানেই নির্বাচন পর্বে বিজেপির নদীবন্দর প্রকল্প একটি নয়া সম্ভাবনা হিসাবে দেখা দিয়েছিল। নানা জটিলতার পরেও সেই সম্ভাবনাকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, রাজ্যের নিয়োগ অনিয়মের সঙ্গে বলাগড়ের একটি যোগ আছে। সেই নিরিখেও নতুন কর্মসংস্থানের সম্ভাবনাকে দু’হাতে আঁকড়ে ধরেছিলেন সুমনা। রাজনৈতিক মহল বলছে, সেটাই বলাগড়ে ম্যাজিক করেছে। ভাঙনের ভূমিতে পদ্ম ফুটিয়েছে। 
জেলার অন্যতম বৃহৎ ব্যবধান ৪১,৯১৪ ভোটে বিজেপি বলাগড় থেকে জয় পেয়েছে। তবে আরেকটি বিষয়কেও বিচারে রাখছে তথ্যাভিজ্ঞ মহল। তা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর পৈতৃক ভিটে এখনও বলাগড়ের জিরাটে আছে। সেখানেই স্মৃতি সংরক্ষণ প্রকল্প করার প্রস্তাব নাগরিক মহলের পুরানো আবেগকে উসকে দিতে পেরেছে। সেটিও সাফল্যের ধার ও ভার বাড়িয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ