মাদুরাই: তামিলনাড়ুতে গিয়েও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন ফেরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মাদুরাইয়ে বিজেপির সভায় বক্তৃতা দেন তিনি। শাহ জানান, সাম্প্রতিক সময়ে ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পরের বছর তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও বর্তমান শাসক দলকে হারিয়ে সরকার গঠন করবেন তাঁরা। তামিলনাড়ুতে বিজেপি ও এআইডিএমকে জোট ক্ষমতায় আসবে। শাহের বক্তব্য, ‘আমি সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারি, তাই আমি জানি পরের নির্বাচনে শাসক দল ক্ষমতাচ্যুত হবে।’ অথচ বঙ্গ সফরে এসেও নেতা-কর্মীদের সামনে কোনও টার্গেট সেট করতে পারেননি শাহ। গত নির্বাচনে ক্ষমতায় আসার কথা বারবার প্রচারে তুলেও একশো পেরতে পারেনি বিজেপি। ফলে মুখ পুড়েছিল বিজেপির। এবার তাই আর টার্গেট সেটের রাস্তায় যেতে চাইছেন না অমিত শাহ। কিন্তু বাংলার দুর্ভেদ্য দুর্গ জয়ের স্বপ্ন যে তাঁর রয়েছে, সেকথা বুঝিয়ে দিয়েছেন সুদূর তামিলনাড়ুতে গিয়েও।



