Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল স্টেশনে র‌্যাম্পের গেটে তালা, রেলের বিরুদ্ধে সরব বিজেপি, নাটক বলে কটাক্ষ তৃণমূলের

আসানসোল স্টেশনে র‌্যাম্পের গেটে তালা, রেলের বিরুদ্ধে সরব বিজেপি, নাটক বলে কটাক্ষ তৃণমূলের
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের মন পেতে এবার রেলের বিরুদ্ধেই সরব হল বিজেপি। এবং এমন একটা ইস্যুতে যার সঙ্গে জড়িয়ে রয়েছে গেরুয়া আবেগ! দেখেশুনে তৃণমূলের কটাক্ষ—‘এসব ওদের নাটক।’ 

Advertisement

আসানসোলের স্টেশনে বিশেষভাবে সক্ষম ও বয়স্ক যাত্রীদের জন্য র‌্যাম্প তৈরি করেছিল রেল। কিন্তু সেটি দীর্ঘদিন তালাবন্ধ। রেলের যুক্তি, গোরু ঢুকে সব নষ্ট করে দিচ্ছিল। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এতদিন বিষয়টি বিজেপির নজরে আসেনি। হঠাৎ, তারা আসানসোলের ডিআরএমের পাশাপাশি চিঠি পাঠিয়েছে রেলমন্ত্রীকেও। ঘটনাচক্রের র‌্যাম্পের গেট ক’দিন ধরে খোলা রয়েছে। বিজেপির দাবি, রেলকর্তাদের নালিশ ঠোকার পর গেটটি খুলে দেওয়া হয়েছে। 
সম্প্রতি, আসানসোলে স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা যাচা‌‌ই করেনি বর্তমান)। সেখানে দেখা যায়, আসানসোল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মের এক অমানবিক দৃশ্য। শারীরিক ভাবে অসুস্থ এক মহিলা হুইল চেয়ারে বসে। র‌্যাম্প দিয়ে স্টেশনের বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। র‌্যাম্পের গেট তালাবন্ধ। তিনি আটকে পড়েন। চাবি না পাওয়া যাওয়ায় আরপিএফের সহযোগিতায় তালা বন্ধ ওই গেটের উপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে মহিলাকে বের করেন আত্মীয় পরিজনরা। র‌্যাম্প বানানো হলেও কেন গেট তালা বন্ধ? চাবিই বা কেন পাওয়া গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। 
রেলের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তারপরই বিজেপি জেলা সভাপতি আসানসোলের ডিআরএমের কাছে লিখিত অভিযোগ করে র‌্যাম্পের  গেট খুলে দেওয়ার আর্জি জানান। অভিযোগ পাঠানো হয় রেলমন্ত্রীর কাছেও। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচারও করে বিজেপি। রবিবার স্টেশনে গিয়ে দেখা যায়, তালা বন্ধ গেটটি খোলা। সেখান দিয়েই অসুস্থ যাত্রীরা যাতায়াত করছেন। যাঁরা ট্রলিব্যাগ নিয়ে ট্রেনে যাতায়াত করেন তাঁরাও এই র‌্যাম্প ব্যবহার করলে সুবিধা পান। এদিন তাঁদেরকে র‌্যাম্প দিয়ে ট্রলিব্যাগ টেনে বের হতে দেখা যায়। কিন্তু কেন এতদিন বন্ধ ছিল র‌্যাম্পের গেট? আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি বলেন, ‘র‌্যাম্প দিয়ে গোরু ঢুকে স্টেশনের অনেক ক্ষতি করছিল। তাই গেটটি তালাবন্ধ রেখে চাবি নির্দিষ্ট জায়গায় রাখা থাকত। যাতে অসুস্থ মানুষরা সহজেই সেখান থেকে চাবি নিয়ে গেট খুলতে পারেন। অভিযোগ উঠতেই গেটের তালা খুলে দেওয়া হয়েছে। 
বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ‘আমার কাছে এক যাত্রীর হয়রানির মর্মান্তির ভিডিওটি আসে। তারপরই রেলকে চিঠি লিখেছিলাম। জানিয়ে দিয়েছিলাম, এনিয়ে প্রয়োজনে আন্দোলন করব। তাতে কাজ হয়।’ যদিও তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘পুরোটি গেরুয়া শিবিরের নাটক। বিজেপির অধীনে থাকা রেল পরিষেবায় কর্পোরেট কালচার আনতেই ব্যস্ত ওরা। তাতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। এতদিন রেলের প্রশংসা করে মানুষের মন ভেজেনি বুঝতে পেরেই মেকি সমালোচনা করা হচ্ছে। গোরুর ঢোকা আটকাতে মানুষকে হয়রানিতে ফেলতেও বাঁধে না বিজেপির অধীনে থাকা রেল মন্ত্রকের। এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ