নিজস্ব প্রতিনিধি, বরানগর: সরকারি জায়গায় বিজেপির পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে শুক্রবার ঘোলার বোর্ডঘর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় বিজেপির এক কর্মী জখম হয়েছেন। প্রতিবাদে বিজেপি কর্মীরা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পাল্টা শাসকদলের কর্মীরা রাস্তায় নামলে তীব্র উত্তেজনা ছড়ায়। পরে নিউ বারাকপুর থানার পুলিস দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর-মধ্যমগ্রাম রাস্তার বোর্ডঘর এলাকা বিলকান্দা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে। এদিন সকালে বিজেপি কর্মীরা রাস্তার ধারে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী কার্যালয় তৈরি করছিলেন। তখন শাসকদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ওই পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুরু করলে ফের উত্তেজনা ছড়ায়।



