নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করাতে তৎপরতা আরও জোরদার করল বিজেপি। মঙ্গলবার সল্টলেকের দলীয় দপ্তরে পুরসভা নির্বাচন সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির ইনচার্জ সুনীল বনসল, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে ওই বৈঠকে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন পরিচালনার ‘মাথা’ বাছাই করা হয়েছে। বৈঠক শেষে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দুই পুরসভার আসন্ন নির্বাচন-২০২৬’এর জন্য কলকাতার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়ার ক্ষেত্রে বিজেপি সাংসদ রাহুল সিনহাকে ‘ইনচার্জ’ করা হয়েছে। কলকাতা পুরসভার নির্বাচন পরিচালন কমিটির সহকারি ইনচার্জ হয়েছেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), কমিটির আহ্বায়ক শিল্পমন্ত্রী তাপস রায় ও সহকারি আহ্বায়ক কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তেওয়ারি। হাওড়া পুরসভার নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক হয়েছেন বালির বিধায়ক সঞ্জয় সিং। সূত্রের খবর, সম্ভবত নভেম্বরের শেষের দিকে পুরভোটের দিনক্ষণ ধার্য করা হতে পারে।



