নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজি, পুকুর ভরাট, মাটি চুরি থেকে পঞ্চায়েতে ভোট লুট ও বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা। ইত্যাদি অভিযোগ সামনে এনে সাঁকরাইলে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বিজেপি। শনিবার সকালে ধূলাগড় শিবতলায় জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মীরা। তারপর তৃণূলের বিপ্লব মণ্ডল নামে এক নেতার ফ্ল্যাটের সামনে গিয়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। বিপ্লব সে সময় বাড়ি ছিলেন না।
বিজেপির বক্তব্য, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের ঘনিষ্ঠ বিপ্লব গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের পাশাপাশি বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছিলেন। তিনি তোলাবাজি, পুকুর ভরাট ও মাটি চুরির মতো অপরাধের সঙ্গেও জড়িত। সাঁকরাইল থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। তার প্রতিবাদেই বিক্ষোভ ও অবরোধ চলছে। বিপ্লব মণ্ডলের কাছ থেকে এদিনের ঘটনার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল বিধায়ক প্রিয়া পাল বলেন, ‘কাউকে আমার ঘনিষ্ঠ বলে দাবি করলেই তা সত্যি হয় না। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’