সংবাদদাতা, ঘাটাল: রাজ্যের স্কুল শিক্ষাদপ্তর যখন প্রতিটি স্কুলকে তাদের নিজস্ব পছন্দ ও ঐতিহ্য মেনে ইউনিফর্ম তৈরির স্বাধীনতা দিয়েছে, তখন ঠিক উল্টো পথে হেঁটে বিতর্কে জড়ালেন ঘাটালের এক বিজেপি শিক্ষক নেতা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নাম ভাঙিয়ে স্কুলের পড়ুয়াদের জন্য ‘গেরুয়া’ ইউনিফর্ম তৈরির ফতোয়া জারি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সমাজমাধ্যমে শিক্ষকদের একটি গ্রুপে করা ওই পোস্ট ঘিরে ঘাটাল মহকুমার স্কুলগুলিতে চরম বিভ্রান্তি ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এসেছে ঘাটাল বিজেপির অন্দরের কোন্দলও। অভিযুক্ত ওই শিক্ষকের নাম শঙ্কর দাস। তিনি ঘাটাল বিধানসভা এলাকার শ্যামসুন্দরপুর তফসিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, সম্প্রতি শিক্ষক-শিক্ষিকাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি একটি পোস্ট করেন। সেখানে বিধায়কের নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, এ বার থেকে ছাত্রদের জন্য গেরুয়া প্যান্ট ও সাদা জামা এবং ছাত্রীদের জন্য সাদা জামা ও গেরুয়া টিউনিক দিয়ে স্কুল ইউনিফর্ম তৈরি করতে হবে। সরকারি নির্দেশিকার পরিপন্থী এই বার্তা দেখে ধন্দে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। কারণ, রাজ্যে পালাবদলের পর স্কুলের পোশাক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেয় বিজেপি পরিচালিত রাজ্য সরকারের স্কুল শিক্ষাদপ্তর। ২০২২ সালে পূর্বতন সরকারের আমলে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ‘বিশ্ব বাংলা’ লোগো দেওয়া নীল-সাদা ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই নিয়ম তুলে নেয়। বিকাশ ভবনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলি নিজেদের পুরনো ঐতিহ্যবাহী বা পছন্দমতো রঙের ইউনিফর্ম বেছে নিতে পারবে।
সেই অনুযায়ী জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমে প্রতিটি স্কুলের পছন্দের রঙের তালিকা সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারের এই স্পষ্ট ঘোষণার পরেও কেন গেরুয়া পোশাকের ফতোয়া জারি করা হল? প্রশ্নের মুখে শঙ্করবাবু দায় ঠেলেছেন বিধায়কের ঘাড়েই। তাঁর দাবি, এ নিয়ে বিধায়কের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি মৌখিক ভাবে আমাকে নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই আমি শিক্ষকদের গ্রুপে ওই পোস্ট করেছি। যদিও এই অভিযোগ ও বিতর্কের বিষয়ে বিধায়ক শীতল কপাটের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শঙ্করবাবুর এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে দলেরই ওই নেতাকে নিশানা করেছেন ঘাটাল শহরের বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা শিবশঙ্কর উপাধ্যায়। তিনি বলেন, বিধায়ক এই ধরনের কোনো নির্দেশ দিতে পারেন না। আসলে ঘাটালে অতি উৎসাহী কিছু বিজেপি নেতা রয়েছেন, যাঁদের কাজই হল বিধায়ককে বিতর্কের মধ্যে ফেলে নিজের নেতাগিরি জাহির করা। তবে এই ধরনের কর্মকাণ্ড বেশিদিন চলবে না, খুব শীঘ্রই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।



