সংবাদদাতা, বজবজ: নোদাখালি থানার ডোঙারিয়ায় বিজেপি সমর্থকদের বিজয়া দশমীর খাওয়াদাওয়ার অনুষ্ঠানে মারামারির জেরে ছুরিকাহত দেবাশিস পাল (৩৬) মঙ্গলবার ভোরে মারা গেলেন।
বিজয়া দশমীর দিন ডোঙারিয়ার বিজেপির মণ্ডল কমিটির তত্ত্বাবধানে ওই ভুরিভোজের আয়োজন হয়েছিল। সেখানেই দেবাশিসবাবু তাঁর পড়শি ঋজু অধিকারী ও দেবা অধিকারীর সঙ্গে বসে মদ্যপান করছিলেন। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, ওই সময় গান চালানো নিয়ে দেবাশিসবাবুর সঙ্গে দেবা ও ঋজুর বচসা বাধে। এরপর হাতাহাতি চলে। আচমকা দেবা ছুরি দিয়ে আঘাত করে। দেবাশিসের নাভির পাশে ক্ষত তৈরি হয়। এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। মণ্ডল কমিটির সভাপতিসহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করে মৃত ব্যক্তির পরিবার। আপাতত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এমন হয়েছে বলে অভিযোগ উঠলেও বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ তা স্বীকার করেননি। তিনি বলেন, এটা তৃণমূল ও সিপিএমের অপপ্রচার। একটা ঘটনা ঘটেছে ঠিকই। যা দুঃখজনক। পুলিশ ও প্রশাসনকে বলা হয়েছে নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজনের নামে অভিযোগ হলেও তদন্ত শেষ হয়নি। ফলে আপাতত দুজনকে ধরা হয়েছে। পুলিশের আরও বক্তব্য, মৃত ব্যক্তি বিজেপির সমর্থক। বউবাজারে সোনার দোকানে কাজ করতেন। বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে এই ঘটনার ভিতর গোষ্ঠী বিবাদ খুঁজে পায়নি।



