Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির খরচ ২৮৬ কোটি, পাঁচ রাজ্যে মোট ব্যয়ের ৫৪ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের জাঁকজমক চোখ ঠিকরে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য যেন রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন।

বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির খরচ ২৮৬ কোটি, পাঁচ রাজ্যে মোট ব্যয়ের ৫৪ শতাংশ
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের জাঁকজমক চোখ ঠিকরে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য যেন রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন। পিছিয়ে ছিলেন না বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কে ছিলেন না সে তালিকায়? আর এই সব রথি মহারথিদের প্রচারে খরচ কত হয়েছিল? ২৮৬ কোটি টাকা। সম্প্রতি নির্বাচন কমিশনকে ভোটের খরচ নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে বিজেপি। সেখানেই ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের খরচের বহর। চলতি বছরে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরলের পাশাপাশি ভোট গ্রহণ করা হয় কেন্দ্রশাসিত পুদুচেরিতে। বিজেপি জানিয়েছে, এই পাঁচ জায়গায় ভোটের পিছনে তারা মোট ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ করেছে। এরমধ্যে ৫৪ শতাংশই খরচ হয়েছে পশ্চিমবঙ্গে। খরচ হওয়া ২৮৬ কোটির মধ্যে ২১৭ কোটি ১৬ লক্ষ টাকা খরচ হয়েছে প্রচারে। আর প্রার্থীদের প্রচারে খরচ হয়েছে ৬৯ কোটি ৮৩ লক্ষ টাকা। এরমধ্যে কেবল প্রার্থীদেরই দেওয়া হয়েছিল ৫৮ কোটি ৮০ লক্ষ টাকা। অন্যদিকে কংগ্রেস ২৯৩টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা খরচ করেছে ৪২ কোটি ৮ লক্ষ টাকা। এরমধ্যে দলগতভাবে খরচ করা হয়েছে ১২ কোটি ৯৬ লক্ষ টাকা। আর প্রার্থীদের খরচের পরিমাণ ২৯ কোটি ১২ লক্ষ টাকা। আর সিপিএম ১৯৭টি আসনের জন প্রার্থী এবং দলগতভাবে খরচ করেছে ৮ কোটি ২৩ লক্ষ টাকা। খরচের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অসম। সেখানে বিজেপি খরচ করেছে ৯৬ কোটি ২৬ লক্ষ টাকা। কেরলে খরচ হয়েছে ৮২ কোটি ৬৭ লক্ষ টাকা। তামিলনাড়ুর খরচ হয়েছে অনেক কম ৫১ কোটি ৫৬ লক্ষ টাকা। সবচেয়ে কম খরচ হয়েছে পুদুচেরিতে, মাত্র ১১ কোটি ৮৯ লক্ষ টাকা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক এবং নগদ মিলিয়ে তাদের তহবিলে জমা রয়েছে ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লক্ষ টাকা। শুধু পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের সময় ১ হাজার ৪৯৪ কোটি টাকা অনুদান পেয়েছিল দল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের ভোটে খরচের সীমা বেধে দেওয়া হয়েছে। তবে দল হিসাবে খরচের কোনো বিধিনিষেধ নেই। তবে প্রত্যেক ভোট পর্ব মেটার পরে খরচের বিস্তারিত হিসাব কমিশনকে জমা দিতে হয় রাজনৈতিক দলগুলিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ