সংবাদদাতা, মানিকচক: শিশুদেরও ছাড় নেই! ছোট ছোট স্কুল পড়ুয়াদের হাতে বিজেপির ঝান্ডা। জনা পঁচিশেক এমন পড়ুয়া লাইন ধরে এগিয়ে যেতে যেতে অনবরত বলে চলেছে বিজেপির প্রচারের স্লোগান। সামান্য কিছু খাবার ও টাকার বিনিময়ে শিশুদের নিয়ে এভাবেই প্রচার চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মানিকচক বিধানসভার মিল্কি এলাকায় এই ঘটনার পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নিন্দা জানিয়েছেন অনেকে।
আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। পিছিয়ে নেই মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলও। দেওয়াল লিখন থেকে বাড়িবাড়ি প্রচার, এমনকি বুথ ভিত্তিক সভায় ব্যস্ত তিনি। এই অবস্থায় রবিবার মিল্কিতে দেখা গেল বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন শম্ভুনাথ সিং নামে বছর পঞ্চাশের এক বিজেপি কর্মী শিশুদের নিয়ে দলের হয়ে প্রচার চালাচ্ছেন। পাঁচ থেকে দশ বছর বয়সী প্রায় ৪০ জন শিশু ছিল মিছিলে। প্রত্যেকের হাতে বিজেপির পতাকা এবং মুখে বিভিন্ন স্লোগান। তাতে অংশগ্রহণকারী শিশু শিউলি খাতুন, আয়ান মোমিন, মৌসুমী চৌধুরীরা বলে, শম্ভুনাথ কাকুর কথা মতো কাজ করছি। মিছিলে হাঁটলে ও জয় শ্রীরাম বললে খাবার ও একশো টাকা দেবে বলেছে আমাদের।
এমন ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রাও। স্থানীয় বাসিন্দা মহম্মদ পারভেজ বলেন, আমরা দেখামাত্রই শিশুদের জিজ্ঞাসা করলে তারা বলে শম্ভুনাথ কাকুর কথামতো মত কাজ করছে। বিনিময়ে খাবার ও কিছু টাকা দেওয়ার কথা বলা হয়েছে তাদের। যা শুনে অবাক হয়ে যাই। শিশুদের নিয়ে এভাবে কোনো দল রাজনৈতিক প্রচার করতেই পারে না। বিষয়টি নিয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যদিও শম্ভুনাথ এই ন্যক্কারজনক ঘটনার পর অদ্ভূত যুক্তি দিয়েছেন। তাঁর মন্তব্য, রাজ্যে শিশুদের পড়াশোনা লাটে উঠেছে, তাই পরিবর্তনের লক্ষ্যে অবিচল থাকতে তাদের নিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছি। অভিভাবকদের অনুমতি নিয়েই শিশুদের মিছিলে নিয়ে আসা হয়েছে।
বিজেপি প্রার্থীর কথায়, বিজেপির প্রতি ভালোবাসা রয়েছে, তাই তারা স্বেচ্ছায় প্রচারে নেমেছে। তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল বলেন, শিশুরা হল ভবিষ্যৎ। তাদের এভাবে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে নির্বাচনি প্রচারে কাজে লাগানো মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি।
সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহাও বিজেপির এই কাণ্ড দেখে ছেড়ে কথা বলেননি। বলেন, সবকিছু প্রলোভন ও টাকার বিনিময়ে করতে চায়। তাদের নীতি বলে কিছু নেই। মানিকচকের বিজেপি প্রার্থী কর্মীদের মারফত শিশুদের টাকা ও খাবারের প্রলোভন দেখাচ্ছেন। আসলে তারা বুঝে গিয়েছে, এবার হার নিশ্চিত। • নিজস্ব চিত্র।