লখনউ: উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটিতে সাম্প্রতিক নিয়োগ ঘিরে তীব্র সমালোচনা বিজেপির। রবিবার এবিষয়ে পদ্ম শিবিরের কটাক্ষ, এর থেকেই বোঝা যাচ্ছে যে মহাত্মা
লখনউ: উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটিতে সাম্প্রতিক নিয়োগ ঘিরে তীব্র সমালোচনা বিজেপির। রবিবার এবিষয়ে পদ্ম শিবিরের কটাক্ষ, এর থেকেই বোঝা যাচ্ছে যে মহাত্মা
গান্ধী ও কংগ্রেসের ‘গান্ধী’দের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। শুক্রবার আরাধনা মিশ্রকে প্রদেশ সভাপতি নিযুক্ত করে হাত শিবির। কার্যনির্বাহী সভাপতি পদে ইমরান মাসুদকে
দায়িত্ব দেওয়া হয়। রবিবার সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে রাহুল গান্ধীর
দলকে নিশানা করলেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। অভিযোগ, অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদিকে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দিয়েছিলেন মাসুদ। অন্যদিকে, আরাধনার বাধার কারণে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে পারেননি দলীয় কর্মীরা। উলটে তাঁদের ‘কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান তুলতে বলা হয়।
শুক্রবার ছিল গান্ধীজয়ন্তী। এমন দিনে দুই নেতার নিয়োগ ঘিরে সরাসরি গান্ধী পরিবারকে আক্রমণ করেন ত্রিবেদী। তাঁর তোপ, মহাত্মা গান্ধী ও কংগ্রেসের গান্ধীদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গান্ধীজয়ন্তীর দিন নেওয়া পদক্ষেপ দেখলেই তা বোঝা যায়।
ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর প্রসঙ্গে নীরবতা নিয়েও রাহুলকে নিশানা করেন ওই পদ্ম নেতা। সম্প্রতি নিজের জীবন বাজি রেখে বিমান যাত্রীদের বাঁচিয়েছিলেন মচ্ছর। অভিযোগ, ভোট ব্যাংকের জন্য ওই পাইলটের পাশে দাঁড়ায়নি গান্ধী পরিবার ও শীর্ষ নেতৃত্ব। ত্রিবেদীর অভিযোগ, ‘নীরবে সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে গান্ধী পরিবার।’